এনবিসি নিউজ-এর প্রতিবেদন অনুযায়ী, প্যালাটাইন এলাকার বাসিন্দা পাপোরাকিস একটি টাকো বেল রেস্তরাঁয় ক্যাশিয়ার হিসেবে কাজ করে। পুলিশের দাবি, গত রবিবার সে অরোরা শহরের একটি হিন্দু মন্দিরে গিয়েছিল। দক্ষিণ-পশ্চিম শহরতলির এই মন্দিরটি এলাকার বৃহত্তম হিন্দু মন্দির হিসেবে পরিচিত।
তদন্তকারীদের দাবি, অভিযুক্তের কাছে একটি পরিবর্তিত এআর-ধরনের রাইফেল, ৩০০ রাউন্ড গুলি, বডি আর্মার, পেট্রল রাখার ক্যান এবং স্বস্তিকা চিহ্ন-সহ বেশ কিছু সামগ্রী ছিল। রবিবার মায়ের বাড়ি থেকে গাড়ি নিয়ে মন্দিরে পৌঁছেছিল সে। পুলিশের অভিযোগ, সেখানে বহু ভারতীয়কে হত্যার পরিকল্পনা ছিল তার।
তদন্তকারীদের দাবি, মন্দিরে গুলি চালানোর চেষ্টা করার সময় পাপোরাকিসের রাইফেলে গোলযোগ দেখা দেয়। ফলে পরিকল্পনা অনুযায়ী হামলা চালাতে পারেনি সে। এরপর সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায় অভিযুক্ত। অভিযোগ, কীভাবে বন্দুকের জ্যাম খোলা যায়, তা জানতে ইন্টারনেটে খোঁজাখুঁজি করে সে।
এর পরেই এক সহকর্মীকে ফোন করে গণহত্যা চালানোর পরিকল্পনার কথা জানায় পাপোরাকিস। মামলার সঙ্গে পরিচিত একাধিক সূত্র এনবিসি নিউজ-কে জানিয়েছে, ওই সহকর্মীই পুলিশকে বিষয়টি জানান। এরপর ১১ অক্টোবর গ্রেফতার করা হয় অভিযুক্তকে।
বুধবার রোলিং মেডোজের আদালতে শুনানির পর বিচারক অভিযুক্তকে কোনও জামিনের অর্থ ছাড়াই হেফাজতে রাখার নির্দেশ দেন। পাশাপাশি, তার চিকিৎসার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। আদালতে জানানো হয়, পাপোরাকিস এডিএইচডি, অবসাদ এবং উদ্বেগজনিত সমস্যার চিকিৎসা করাচ্ছে। আগামী ৩০ অক্টোবর মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা।
তদন্তকারীদের দাবি, অভিযুক্তের লেখা বলে মনে করা একটি ইস্তেহার উদ্ধার হয়েছে। সেখানে নিজেকে ‘অরোরা শুটার’ বলে উল্লেখ করেছে সে। অ্যাসোসিয়েটেড প্রেস-এর প্রতিবেদন অনুযায়ী, ওই লেখায় ঘৃণা, হিংসা, জাতিগত শ্রেষ্ঠত্ব এবং ভারতীয়দের উপর গণহামলার কথা প্রকাশ পেয়েছে।
অভিযোগ, ওই লেখায় ভারতীয়, ইহুদি ও আফ্রিকান-আমেরিকানদের ‘মানুষের চেয়ে নিকৃষ্ট’ বলে বর্ণনা করেছে পাপোরাকিস। পাশাপাশি, যত বেশি সম্ভব এই গোষ্ঠীগুলির মানুষকে হত্যা করার পরিকল্পনার কথাও লিখেছিল সে।
অভিযুক্তের সহকর্মীদের দাবি, পাপোরাকিস প্রায়ই শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী মতাদর্শের কথা বলত। নাৎসি মতাদর্শ এবং সশস্ত্র হিংসা নিয়েও আলোচনা করত সে। ভারতীয়দের লক্ষ্য করে বর্ণবিদ্বেষী মন্তব্য করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
তদন্তকারীদের দাবি, ইস্তেহারে নিজেকে ঘৃণায় পরিপূর্ণ, সমাজবিরোধী মানসিকতার শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী নব্য-নাৎসি হিসেবে বর্ণনা করেছে অভিযুক্ত। প্রায় প্রতিদিনই গণহত্যার কল্পনা করে আনন্দ পেত বলেও সেখানে উল্লেখ করেছে সে বলে অভিযোগ।
পাপোরাকিসের বিরুদ্ধে সন্ত্রাসবাদী হুমকি দেওয়া এবং বেআইনিভাবে অস্ত্র রাখার মতো গুরুতর অপরাধে মামলা হয়েছে।
প্যালাটাইন পুলিশের প্রধান উইলিয়াম নর্ড বলেছেন, “এই কথিত হামলার হুমকির গুরুত্ব কোনওভাবেই কম করে দেখা যায় না।” তিনি আরও জানান, উপাসনালয়গুলির নিরাপত্তা নিশ্চিত করা আইনরক্ষাকারী সংস্থাগুলির অন্যতম অগ্রাধিকার।