Last Updated:
Rachana Banerjee on Mamata Banerjee: সুদীপ বন্দ্যোপাধ্যায়রা যে দলে গিয়েছেন, সেই এনসিপিআই নির্বাচন কমিশনে নথিভুক্ত হলেও দলটি কমিশন স্বীকৃত নয়৷ জাতীয় বা আঞ্চলিক দল হিসেবে কমিশনের স্বীকৃতি পায়নি এনসিপিআই৷ তবে আর পাঁচটি রাজনৈতিক দলের মতো এনসিপিআই-এর নিজস্ব প্রতীক রয়েছে৷
নয়াদিল্লি: গত রবিবারই তৃণমূল ছেড়ে নতুন দলে যোগ দিয়েছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদদের ‘ব্লক’ তবে এদিন সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে দেব, ইউসুফ পাঠান, সায়নী ঘোষ থাকলেও, উপস্থিত ছিলেন না রচনা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার দুপুরে সেই কারণে মালয়েশিয়া থেকে দিল্লিতে ফিরেই দুপুরে স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করলেন তিনি৷ তার আগে অবশ্য নিশিকান্ত দুবের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন রচনা। যান ভূপেন্দ্র যাদবের বাসভবনেও।
স্পিকারের সঙ্গে দেখা করে বেরিয়ে এদিন রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমি এখানে এসেছি (NCPI-তে যোগদানের) কাগজপত্রে সই করতে।’’
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে মন্তব্য করেন রচনা
কিছুদিন আগেই একদা বিদ্রোহী তৃণমূল সাংসদ, বর্তমানে এনসিপিআই সদস্য শতাব্দী রায় জানিয়েছিলেন, ব্যক্তিগত ভাবে তিনি মনে করেন তিনি রাজনৈতিক দিক থেকে ঠিক সিদ্ধান্ত নিয়েছেন, তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মিস’ করেন৷ তাঁর সঙ্গে তাঁর ব্যক্তিগত স্তরের সম্পর্কও এক অন্যতম উদাহরণ বলে মন্তব্য করেছিলেন তিনি৷
এদিন প্রাক্তন দলনেত্রী সম্পর্কে মন্তব্য করেন রচনা বন্দ্যোপাধ্যায়ও৷ তিনি বলেন, ‘‘আমরা কখনও দিদির বিরুদ্ধে বিদ্রোহ করতে পারি না এবং তাঁর প্রতি আমার সর্বদা শ্রদ্ধা থাকবে। আমরা দিদির জন্যই ভোট পেয়েছিলাম, তাঁকে আমরা অত্যন্ত সম্মান করি।’’
‘দিদি ছিলেন দলের মুখ৷ তবে..’
তিনি বলেন, ‘‘দিদি ছিলেন দলের মুখ৷ তবে আমি ভোট পেয়েছি আমার কেন্দ্রের মানুষের জন্য কাজ করার উদ্দেশ্যে। আমার মনে হয়, রাজ্য ও কেন্দ্রে একই সরকার থাকলে কাজ করা আরও সহজ হয়। গত ১৫ বছরে আমরা সেই পরিস্থিতি দেখিনি।’’
রচনা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ‘‘দিদির সঙ্গে থাকাকালীন আমরা অনুভব করেছি যে, যে কাজগুলি করতে চেয়েছিলাম, সেখানে নানা বাধার সম্মুখীন হতে হয়েছে। এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা দেখছি পশ্চিমবঙ্গে কত দ্রুত উন্নয়নের কাজ এগিয়ে চলেছে। তবে দিদির প্রতি আমাদের শ্রদ্ধা চিরকাল অটুট থাকবে।’’
