Last Updated:
South 24 Parganas News: সুন্দরবনে ফের বাঘের হামলায় প্রাণ হারালেন এক মহিলা। কাঁকড়া ধরতে গিয়ে এই মর্মান্তিক ঘটনার শিকার হন তিনি। সাম্প্রতিক সময়ে এলাকায় বাঘের আক্রমণের ঘটনা বাড়তে থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে বিভিন্ন সংগঠন।
কুলতলি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: মৃত্যুমিছিল বাড়ছেই। বাঘের আক্রমণে ফের মৃত্যু হল কুলতলিতে। জানা গিয়েছে এবার এক মহিলা বাঘের আক্রমণের শিকার হয়েছেন। ওই মহিলার নাম বন্দনা দাস। তিনি কুলতলির মৈপিঠ এলাকার বাসিন্দা। এই মৃত্যুর ফলে ১৮ দিনে ৫ জন মৎস্যজীবী নিহত হলেন। সকলেই মৈপিঠের বাসিন্দা। ফলে মৈপিঠের মানুষজনের মধ্যে আতঙ্ক বাড়ছেই।
জানা গিয়েছে, সুন্দরবনের কলস ক্যাম্পের অনতি দূরে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু হয়েছে কুলতলির মৈপিঠ কোস্টাল থানার গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের পয়লা ঘেরির বন্দনা দাসের। স্বামীকে সঙ্গে নিয়ে তিনি কাঁকড়া ধরতে গিয়েছিলেন। হঠাৎ করে বাঘ তার ওপরে ঝাঁপিয়ে পড়ে। এ নিয়ে বন্দনার স্বামী গৌতম দাস জানান, কাঁকড়া ধরতে গিয়েছিলেন। কলসের কাছে কাঁকড়া ধরে দুপুরে খাবার পরিকল্পনা করছিলেন। এই সময় জল নিতে নৌকার ঘেরা জায়গায় যান তিনি।
সেই সময় একটা আওয়াজ শুনে বাইরে এসে দেখেন তাঁর স্ত্রী নেই। এরপর চেঁচামেচি করলে দেখেন। বাঘ জলে তাঁর স্ত্রীকে ছেড়ে পালাচ্ছে। এই ঘটনা নিজের চোখের সামনে দেখে হতভম্ব হয়ে যান তিনি। পরে পাশে থাকা অন্য একটি মাছ ধরা নৌকাও আসে। এরপর স্ত্রীকে তুলে নৌকায় করে বাড়ি ফিরতে শুরু করেন। ঘটনার জেরে ভেঙে পড়েছেন তিনি। এই ঘটনায় মানবাধিকার সংগঠনগুলি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। সরকারি সাহায্যও যাতে তাঁরা পায় সেই দিকটিও দেখা হবে বলে জানিয়েছেন তাঁরা।
বন্দনার দেহ ফিরিয়ে আনা হয়েছে মৈপিঠে। এরপর পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এর আগে পরপর চারদিনে কুলতলিতে বাঘের আক্রমণের শিকার হন ৪ জন। ফলে উদ্বেগ বাড়ছে। প্রশ্ন উঠছে মৎস্যজীবী অথবা মৌলেরা কী গভীর জঙ্গলে পাড়ি দিচ্ছেন তা নিয়েও। গোটা বিষয়টি বন দফতর খতিয়ে দেখছে। পেটের টানে মৎস্যজীবীরা নদীতে মাছ, কাঁকড়া ও জঙ্গলে মধু সংগ্রহ করতে যাচ্ছে। আর তার ফলেই বাঘ বারেবারে এই সমস্ত মৎস্যজীবীদের ওপরে ঝাঁপিয়ে পড়ছে। এদিকে এভাবে মৃত্যুমিছিল অব্যাহত থাকলে বিষয়টি গুরতর হয়ে উঠবে বলে মনে করছেন সকলেই।
South Twenty Four Parganas,West Bengal
