Last Updated:
লোকসভায তৃণমূলের ২৮ জন বিক্ষুব্ধ সাংসদ ছিলেন৷ ২০ জন বিদ্রোহী শিবিরে যোগ দেওয়ায় তৃণমূলের হাতে মাত্র ৮ জন সাংসদ রয়েছে৷
আগামী শুক্রবার, ১৯ জুন তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাক্ষাতের জন্য সময় দিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা৷ এর আগে তৃণমূলের বিদ্রোহ ব্লককে স্বীকৃতি না জানানোর অনুরোধ করে ওম বিড়লাকে চিঠি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
গত রবিবার তৃণমূলের বিদ্রোহী সাংসদরা এনসিপিআই-তে মিশে যাওয়ার জন্য লোকসভার অধ্যক্ষের সঙ্গে দেখা করে আবেদন জানিয়েছেন৷ বিদ্রোহীদের স্বীকৃতি না দেওয়ার জন্য অভিষেকের হয়ে অধ্যক্ষকে চিঠি দিয়ে এসেছিলেন রাজ্যসভার দুই তৃণমূল সাংসদ কীর্তি আজাদ এবং সাগরিকা ঘোষ৷ সেই আবেদনের ভিত্তিতেই অভিষেকের বক্তব্য শোনার জন্য শুনানির সময় বরাদ্দ করেছেন অধ্যক্ষ ওম বিড়লা৷
সংবাদসংস্থা পিটিআই-এর দাবি অনুযায়ী, লোকসভার অধ্যক্ষকে লেখা চিঠিতে অভিষেক দাবি করেছিলেন, তৃণমূল কংগ্রেশ অটুট রয়েছে এবং একটি দল হিসেবেই তাঁদের সাংসদরা লোকসভায় প্রতিনিধিত্ব করবেন৷ তৃণমূল যাঁদের নিজেদের দলনেতা এবং মুখ্য সচেতক নিযুক্ত করেছে তাঁদের মাধ্যমেই লোকসভায় যাবতীয় তথ্য আদান প্রদান যাতে করা হয় এবং বিক্ষুব্ধ সাংসদদের আবেদনের ভিত্তিতে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অধ্যক্ষ যাতে তৃণমূলের বক্তব্যও শোনেন, সেই আবেদনই করা হয়েছিল অভিষেকের পাঠানো চিঠিতে৷
২৮ জনের মধ্যে লোকসভার ২০ জন বিক্ষুব্ধ তৃণমূল সাংসদ গত রবিবার এনসিপিআই দলে যোগ দিয়ে এনডিএ-কে সমর্থনের কথা জানিয়েছেন৷ আরও দু জন সাংসদ বিদ্রোহীদের দলে যুক্ত হতে পারেন বলেই খবর৷
রাজ্যসভাতেও তৃণমূলের শক্তি উল্লেখযোগ্য ভাবে কমেছে৷ সুখেন্দুশেখর রায় সহ পর পর চারজন সাংসদ পদত্যাগ করেছেন৷ ফলে লোকসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা এক ধাক্কায় ১৩ থেকে কমে হয়েছে ৯৷ সুখেন্দুশেখর রায় ছাড়াও পদত্যাগ করেছেন সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক এবং কোয়েল মল্লিক৷ যদিও এখনও রাজ্যসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে ৯ জন সাংসদ রয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাগরিকা ঘোষ৷
Kolkata,West Bengal
