Last Updated:
এনসিপিআই-তে যোগ দিলেও বিদ্রোহী সাংসদরা তৃণমূলের প্রতীকের দাবি জানানোর সম্ভাবনা জিইয়ে রেখেছেন৷
বিদ্রোহী তৃণমূল সাংসদদের বিশ্বাসঘাতক বলে কটাক্ষ করেছিলেন মমতাপন্থী তৃণমূলের রাজ্যসভার সদস্য সাগরিকা ঘোষ৷ পাল্টা সাগরিকা ঘোষকে জবাব দিলেন এনসিপিআই-তে যোগ দেওয়া বিদ্রোহী শিবিরের অন্যতম মুখ কাকলি ঘোষ দস্তিদার৷
এক্স হ্যান্ডেলে করা পোস্টে বিদ্রোহীদের নিশানা করে সাগরিকা ঘোষ লিখেছিলেন, দুটি শিবির রয়েছে৷ একটি হল টিম টিএমসি আর অন্যটি দল গদ্দার অথবা বিশ্বাসঘাতকদের দল৷
তৃণমূলের বিক্ষুব্ধ শিবিরের নেতৃত্বে থাকা সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সাগরিকাকে জবাব দিয়ে পাল্টা বলেন, আপনি যে চোর এবং অপরাধীদের দলে রয়েছেন, তাদের সম্পর্কে কী বলবেন?
বিধানসভা নির্বাচনে ফল ঘোষণার পর থেকেই তৃণমূলে ভাঙন শুরু হয়৷ বিধায়কদের মধ্যে বড়সড় ফাটলের পর সংসদেও বড় ভাঙন ধরেছে তৃণমূলে৷ লোকসভার ২০ জন সাংসদ গত রবিবার এনসিপিআই দলে যোগ দিয়ে এনডিএ-কে সমর্থনের কথা জানিয়েছেন৷ আরও দু জন সাংসদ বিদ্রোহীদের দলে যুক্ত হতে পারেন বলেই খবর৷
রাজ্যসভাতেও তৃণমূলের শক্তি উল্লেখযোগ্য ভাবে কমেছে৷ সুখেন্দুশেখর রায় সহ পর পর চারজন সাংসদ পদত্যাগ করেছেন৷ ফলে লোকসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা এক ধাক্কায় ১৩ থেকে কমে হয়েছে ৯৷ সুখেন্দুশেখর রায় ছাড়াও পদত্যাগ করেছেন সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক এবং কোয়েল মল্লিক৷ যদিও এখনও রাজ্যসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে ৯ জন সাংসদ রয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাগরিকা ঘোষ৷
বিদ্রোহী সাংসদদের ব্লকেক যাতে লোকসভার অধ্যক্ষ স্বীকৃতি না দেন, সেই দাবি জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লেখা চিঠি নিয়ে স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখাও করেছিলেন ডেরেক ও ব্রায়েন এবং সাগরিকা ঘোষ৷
একা কাকলি ঘোষ দস্তিদার নন, তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়ের মতো তৃণমূলের দীর্ঘদিনের সাংসদরা৷ দল বদল করেছেন শর্মিলা সরকার, সায়নী ঘোষের মতো নতুন সাংসদরাও৷
Kolkata,West Bengal
