Last Updated:
বাংলার শিল্পীরা যাতে আর বঞ্চিত না হন, নিজেদের হকের টাকা ঠিক সময় পান, সেই নিয়ে বিশেষ আবেদন রাখেন তাঁরা৷
কলকাতা: স্বচ্ছ সংস্কৃতি ও সুস্থ সংস্কৃতির দাবিতে তৈরি হল ‘পারফরমার্স অফ বেঙ্গল’ অথবা POB৷ শিল্পীদের নানা দাবি দাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করা হল, যা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন বিধায়ক এবং টলিউডের অন্যতম প্রতিনিধি রুদ্রনীল ঘোষ৷
বাংলার সংস্কৃতি শাখার বিভিন্ন শিল্পীদের নিয়ে গড়ে উঠল ‘পারফরমার্স অফ বেঙ্গল’ বা POB। গত ১৫ বছর ধরে শিল্পীরা যে নানা দুর্ভোগের মধ্যে দিয়ে গিয়েছে। মহিলা শিল্পীদের মঞ্চ নিরাপত্তা ছিল না, অভিযোগ উঠেছে। ইন্দ্রনীল সেনের নামে ভুরি ভুরি অভিযোগ উঠেছে। সেই সব বিষয়ে সোচ্চার হয়েছে এই ফোরাম। যার উদ্দেশ্য নবগঠিত পশ্চিমবঙ্গ সরকারের কাছে সুস্থ ও স্বচ্ছ সাংস্কৃতিক পরিবেশের আবেদন করা। এর যাতে শিল্পীরা স্বচ্ছন্দে কাজ করতে পারে এবং জীবন ও জীবিকা নির্বাহ করতে পারে। বিগত সরকারের আমলে যে দুর্নীতি ও স্বজন পোষণ হয়েছে তার বিরুদ্ধে POB-এর এই লড়াই। শ্রোতাদের কাছে আরও বেশি করে পৌঁছতে শিল্পী, মিউজিসিয়ান্স, বাচিক শিল্পীদের নিয়ে তৈরি হল এই নতুন ফোরাম ‘পারফরমার্স অফ বেঙ্গল’।
বুধবার প্রেসক্লাবে হাজির ছিলেন রুদ্রনীল ঘোষ, শিলাজিৎ মজুমদার, রাঘব চট্টোপাধ্যায়, অনিন্দ্য বসু, ক্যাকটাসের সিধু,পটা ও নন্দিনী ভট্টাচার্য সহ বহু বিশিষ্টরা। সমস্ত দাবি নিয়ে এদিন সরকার পক্ষের প্রতিনিধি হিসেবে রুদ্রনীল ঘোষের মাধ্যমে POB এর তরফ থেকে মুখ্যমন্ত্রীর কাছে আবেদনপত্র তুলে দেওয়া হয়।
রুদ্রনীল ঘোষ বলেন, “আমি শিল্পীদের এই বার্তা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেব। আমি বার্তাবাহক, মাধ্যম মাত্র। বিগত পনেরো বছর ধরে যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করা হয়েছে। পছন্দের ভিত্তিতে কাজের সুযোগ দেওয়া হয়েছে। এতদিন ধরে যে অরাজকতা চলে এসেছে মানুষ সেই সিস্টেমের পরাজয় ঘটিয়েছে।”
সিধু, রাঘব, শিলাজিৎদের দাবি লোকশিল্পী, বাউল বা অন্য সঙ্গীতচর্চার সঙ্গে যুক্ত যাঁরা তাঁদের নিয়ে যেন আরও বেশি করে ভাবা হয়। তাঁদের পারিশ্রমিক এখনও তলানিতে, এই বিষয়ে ভাবারও আর্জি জানিয়েছেন তাঁরা।
Kolkata,West Bengal
