Last Updated:
West Bardhaman News: এদিন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কোমর বেঁধে রাস্তায় নামেন ট্রাফিক কর্মীরা। আম্বেদকর সরণি এলাকায় পুলিশের কড়া নজরদারি ছিল চোখে পড়ার মতো। এদিনের অভিযানের মূল লক্ষ্য ছিল অটো এবং টোটোর দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করা।
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: হেলমেটহীন বাইক সওয়ারি কিংবা অটো-টোটোর অনিয়ন্ত্রিত দাপট, বিশৃঙ্খলা রুখতে এবার দুর্গাপুরের রাস্তায় অ্যাকশন মোডে ট্রাফিক পুলিশ। বুধবার সকাল থেকেই দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় ট্রাফিক পুলিশের কর্মীদের অভিযান চালাতে দেখা গিয়েছে। ট্রাফিক পুলিশ এই কড়া মনোভাব বজায় রাখলে রাস্তাঘাটে শৃঙ্খলা ফিরবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
উল্লেখ্য, এদিন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কোমর বেঁধে রাস্তায় নামেন ট্রাফিক কর্মীরা। বিশেষ করে আম্বেদকর সরণি এলাকায় পুলিশের কড়া নজরদারি ছিল চোখে পড়ার মতো। এদিনের অভিযানের মূল লক্ষ্য ছিল অটো এবং টোটোর দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করা। অনেক ক্ষেত্রেই দেখা যায়, স্রেফ বাড়তি আয়ের আশায় চালকরা গাদাগাদি করে যাত্রী তোলেন, যা মাঝেমধ্যেই বড়সড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।
এদিন নিয়ম ভাঙলেই মাঝরাস্তায় থামানো হয় সেইসব গাড়ি। চালকদের কড়া ভাষায় সতর্ক করার পাশাপাশি বেশ কিছু গাড়িকে আটকও করে ট্রাফিক বিভাগ। পুলিশের এই সক্রিয়তায় আম্বেদকর সরণির চিরচেনা যানজটের ছবিটাও এদিন ছিল বেশ খানিকটা আলাদা। শুধু বড় গাড়ি নয়, পুলিশের নজরে ছিল দু’চাকার বাহনও।
সাতসকালে হেলমেট ছাড়াই যারা বাইক নিয়ে বেরিয়েছিলেন, তাদের এদিন নিয়ম না মেনে চলার কারণে ট্রাফিক পুলিশের কর্মীদের মুখোমুখি হতে হয়েছে। হেলমেটহীন চালকদের ধরে একদিকে যেমন সতর্ক করা হয়েছে, তেমনই ট্রাফিক আইন নিয়ে তাঁদের পাঠও পড়িয়েছেন পুলিশ আধিকারিকরা। তবে কেবল জরিমানা বা ধরপাকড় নয়, সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে চলতে উৎসাহিত করতে সচেতনতার বার্তাও বিলি করা হয় ট্রাফিক গার্ডের পক্ষ থেকে।
Durgapur,Barddhaman,West Bengal
West Bardhaman News: নিয়মের তোয়াক্কা না করে যাতায়াত চলছিল রাস্তায়, ‘দাদাগিরি’ রুখতে অ্যাকশন মোডে ট্রাফিক পুলিশ! দিনভর চলল ধরপাকড়
