Last Updated:
West Bardhaman News: অভিযোগ, দীর্ঘ দেড় বছর ধরে এখানকার জল সরবরাহ ব্যবস্থার একটি পাম্প বিকল হয়ে পড়ে আছে। অথচ তা সারাই করার নূন্যতম সদিচ্ছা দেখায়নি কর্তৃপক্ষ। কার্যত একটি মাত্র পাম্পের ওপর ভরসা করে খুঁড়িয়ে চলছে গোটা টাউনশিপের জল পরিষেবা।
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে জল সরবরাহ চলছে শুধু একটি পাম্পের ভরসায়। পাম্প মেরামতির জন্য একাধিকবার আবেদন গিয়েছে। কিন্তু তাতে সমস্যার সমাধান হয়নি। ফলে যে একটি পাম্পের ভরসায় জল সরবরাহ চলছে, সেটি যদি কোনওভাবে বিকল হয়ে যায়, তাহলে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের শেষ থাকবে না। এমনই ছবি দুর্গাপুরের বিওজিএল কলোনির।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ দেড় বছর ধরে এখানকার জল সরবরাহ ব্যবস্থার একটি পাম্প বিকল হয়ে পড়ে আছে। অথচ তা মেরামত করার সদিচ্ছা দেখায়নি কর্তৃপক্ষ। কার্যত একটি মাত্র পাম্পের ওপর ভরসা করে খুঁড়িয়ে চলছে গোটা টাউনশিপের জল পরিষেবা। ফলে স্থানীয়দের জল খরচ করতে হচ্ছে খুব বুঝেশুনে। যে কোনও সময় পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তাড়া করছে এলাকাবাসীকে।
আবাসিকদের অভিযোগ, দেড় বছর সময়টা কম নয়। কিন্তু এই দীর্ঘ সময়েও বিকল পাম্প মেরামত করা হয়নি। একটি পাম্প বিকল হওয়ার পর থেকেই বাকি পাম্পটির ওপর অতিরিক্ত চাপ পড়ছে। যে কোনও মুহূর্তে সেটিও জবাব দিলে পুরো টাউনশিপে জল সরবরাহ পরিষেবা ব্যাপকভাবে বিঘ্নিত হবে। তাঁরা আরও বলছেন, পুরসভাকে বারবার চিঠি পাঠানো হয়েছে। মৌখিক আবেদন জানানো হয়েছে। প্রতিবারই জুটেছে আশ্বাস, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
সবমিলিয়ে, টাউনশিপের আবাসিকরা এখন চরম বিপাকে পড়েছেন। পর্যাপ্ত জলের অভাবে ব্যাহত হচ্ছে দৈনন্দিন গৃহস্থালির কাজ। গ্রীষ্মের দুপুরে যখন জলের চাহিদা তুঙ্গে, তখন এই নড়বড়ে পরিকাঠামো নিয়ে বাসিন্দাদের মধ্যে বাড়ছে ক্ষোভ। এক পাম্পের ভরসায় কতদিন এভাবে টেনেটুনে চলা সম্ভব, তা নিয়েই এখন বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।
Durgapur,Barddhaman,West Bengal
West Bardhaman News: দেড় বছর ধরে বিকল পাম্প, একটির ভরসায় চলছে জল সরবরাহ! মাশুল দিতে গিয়ে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের
