Last Updated:
৮১ আসন বিশিষ্ট ঝাড়খণ্ড বিধানসভায় ইন্ডিয়া জোটের হাতেই রয়েছে ৫৬ জন বিধায়ক৷ সেখানে বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ জোটের বিধায়ক সংখ্যা ২৪৷
ক্রস ভোটিংয়ের সৌজন্যে রাজ্যসভার নির্বাচনে ঝাড়খণ্ড থেকে জয়ী হলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী৷ এ দিন ঝাড়খণ্ড থেকে রাজ্যসভার দুটি আসনে ভোট গ্রহণ হয়৷ ভোট গণনার পর দেখা যায়, প্রত্যাশিত ভাবেই একটি আসনে জয়ী হয়েছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রার্থী বৈদ্যনাথ রাম৷ দ্বিতীয় আসনটিতে জয়ী হন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী পরিমল নাথওয়ানি৷
তাৎপর্যপূর্ণ বিষয় হল, ইন্ডিয়া জোটের যে বিধায়কদের ক্রস ভোটিংয়ের ফলে বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী জয় পেলেন, তাঁদের মধ্যে রয়েছেন সিপিআই(এমএল)-এর বিধায়করাও৷ বিজেপি সমর্থিত প্রার্থীর সমর্থনে সম্ভবত ভোট দিয়েছেন লালু প্রসাদ যাদবের দল আরজেডি-র বিধায়করাও৷
ঝাড়খণ্ডে ক্রস ভোটিং
ভোট গণনার শেষে হিসেব অনুযায়ী দেখা যায়, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রার্থী বৈজনাথ রামের পক্ষে ৩০টি ভোট পড়েছে৷ বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী পরিমল নাথওয়ানিকে ভোট দিয়েছেন ২৮ জন বিধায়ক৷ কংগ্রেস প্রার্থী প্রণব ঝা পান ১৯টি ভোট৷ তার মধ্যে তিনটি ভোট বাতিল ঘোষণা করা হয়৷
ঝাড়খণ্ডে ক্ষমতাসীন ইন্ডিয়া জোটের মধ্যে জেএমএম-এর ৩৪ জন বিধায়ক রয়েছে৷ কংগ্রেসের হাতে রয়েছে ১৬ জন বিধায়ক৷ আরজেডি-র ৪জন এবং সিপিআই(এমএল)-এর হাতে রয়েছে ২ জন বিধায়ক৷
হিসেব অনুযায়ী জয় পাওয়ার জন্য একজন প্রার্থীকে ২৮ জন বিধায়কের প্রথম পছন্দের ভোট পেতে হবে৷ এনডিএ-এর হাতে ২৪ জন বিধায়ক থাকলেও বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী নাথওয়ানি পেয়েছেন ৩২টি ভোট৷ তার মধ্যে দুটি ভোট বাতিল হয়৷ অর্থাৎ এনডিএ-এর বাইরেও অন্তত ৬ জন বিধায়কের ভোট পেয়েছেন নাথওয়ানি৷ ফলে হিসেব বলছে সিপিআই(এমএল) এবং আরজেডি বিধায়কদের ভোট সম্ভবত নাথওয়ানির দিকেই গিয়েছে৷
পরিমল নাথওয়ানি কে?
পেশায় শিল্পপতি পরিমল নাথওয়ানি ২০০৮ সালের প্রথমবার নির্দল প্রার্থী হিসেবে জয় পেয়ে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন৷ ২০১৪ সালেও জয়ী হন তিনি৷ ২০২০ সালে ওয়াইএসআর কংগ্রেসে যোগ দেন নাথওয়ানি৷ ওই বছর অন্ধ্রপ্রদেশ থেকে রাজ্যসভায় নির্বাচিত হন তিনি৷
Kolkata,West Bengal
