Last Updated:
Tollywood: মুক্তি পেল অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘অভিমান’। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গল্প ও চরিত্র চুরির অভিযোগ পরিচালক সুমন ঘোষের’। চুরির অভিযোগের পাল্টা জবাব দিলেন ‘অভিমান’-এর প্রযোজকরা। যিশু সেনগুপ্ত এবং সৌরভ দাসের প্রযোজনা সংস্থা হোয়াই সো সিরিয়াস ফিল্মসের তরফে প্রকাশ করা হয়েছে একটি বিবৃতি।
কলকাতা: শুক্রবার সিনেমা হলে মুক্তি পেল অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘অভিমান’। এই ছবিকে কেন্দ্র করে বাঙালি সিনেপ্রেমীদের মনে আজ আগ্রহের শেষ নেই। হবে নাই বা কেন, অভিনেতা যীশু সেনগুপ্ত, সৌরভ দাস প্রযোজিত প্রথম বাংলা ছবি বলে কথা। রকস্টার লুকে টিজার, ট্রেলারে দর্শকের মন কেড়ে নিয়েছেন টলিউডের জ্যেষ্ঠপুত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
তবে ছবি মুক্তির দিনই ঘটল বিপত্তি৷ খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দিকেই উঠল অভিযোগের তীর । প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিমান ছবির ‘ভাবনা এবং চরিত্র চুরি’র অভিযোগ এনে বিস্ফোরক সুমন ঘোষ।
মুক্তির প্রথম দিনেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গল্প ও চরিত্র চুরির অভিযোগ আনলেন পরিচালক সুমন ঘোষের। পেশাগত দায়বদ্ধতা শেখার পরামর্শ পরিচালকের। সুমনের দাবি, গত আড়াই বছর ধরে যে চিত্রনাট্য নিয়ে তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেছেন, ‘অভিমান’-এর টিজার-ট্রেলারের সঙ্গে তার অনেকটাই সাদৃশ্য রয়েছে। গোটা বিষয়টি সুমন ঘোষ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন। এই বিষয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি। সুমনের পোস্ট দেখার পরেই নড়েচড়ে বসেছে বাংলা ছবির দর্শক।
বেলা বাড়তেই সুমন ঘোষের পোস্টের উত্তর দিলেন ‘অভিমান’-এর প্রযোজকদ্বয় ৷ যীশু সেনগুপ্ত ও সৌরভ দাস বিবৃতিতে জানান,”অভিমান ছবির প্রযোজক হিসেবে আমরা আমাদের সমগ্র সৃজনশীল দলের সততা, মৌলিকতা এবং নিষ্ঠা নিয়ে অত্যন্ত গর্বিত। ছবিটির মূল ভাবনা যীশু ইউ. সেনগুপ্তর৷ এবং ছবির চিত্রনাট্য ও সংলাপ তৈরি ও রচনা করেছেন পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং শ্রীজাত বন্দ্যোপাধ্যায় । প্রতিষ্ঠিত শিল্প ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় সমস্ত নিবন্ধন, নথিপত্র এবং ডেভেলপমেন্ট সংক্রান্ত উপকরণ-সহ একটি সুস্পষ্ট ও নথিভুক্ত সৃজনশীল প্রক্রিয়ার মধ্য দিয়ে এটি তৈরি করা হয়েছে। আমরা অন্যান্য সকল চলচ্চিত্র নির্মাতার কাজ ও তাঁদের সৃজনশীল যাত্রাকে সম্মান করি।

তবে আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে, অভিমান একটি সম্পূর্ণ মৌলিক কাজ, যা এর লেখক ও নির্মাতারা স্বাধীনভাবে সৃষ্টি করেছেন। আমরা আমাদের চিত্রনাট্যের স্বকীয়তা এবং এই ছবির সঙ্গে যুক্ত প্রত্যেকের পেশাদার নৈতিকতার পক্ষে দৃঢ়ভাবে অবস্থান করছি। আমরা বিশ্বাস করি, একটি শিল্পকর্মকে শেষ পর্যন্ত তার নিজস্ব গুণমান ও মূল্যবোধের ভিত্তিতেই বিচার করা উচিত। অভিমান আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আমরা সমস্ত দর্শক, সংবাদমাধ্যমের সদস্য এবং চলচ্চিত্র জগতের সকলকে ছবিটি দেখার এবং নিজেদের বিচার গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।”
তবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও চুপ থাকার পাত্র নন, নিজের বিরুদ্ধে এমন অভিযোগ উঠতেই সোশ্যাল মিডিয়ায় উত্তর দিয়েছেন অভিনেতা ৷ তিনি লেখেন, “পরিচালক হিসেবে সুমনের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। আমাদের এই শিল্পক্ষেত্রে সৃজনশীল কাজের ক্ষেত্রে অনেক সময় একে অপরের সঙ্গে মিল বা সাদৃশ্য দেখা দিতে পারে, কারণ আমরা সবাই মূলত মানুষের সর্বজনীন আবেগ ও বিষয়বস্তু থেকেই অনুপ্রেরণা নিই। তবে ‘অভিমান’ ছবিটি সম্পূর্ণ স্বতন্ত্র এবং আইনত নিবন্ধিত একটি প্রজেক্ট, যা আমাদের পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং লেখক সৃজাতর সৃষ্টি। একজন অভিনেতা হিসেবে আমার কাজ হল—আমার হাতে আসা চিত্রনাট্যটিকে প্রাণবন্ত করে তোলা। কারও সৃজনশীল বিশ্বাসের অমর্যাদা করার কোনও উদ্দেশ্যই আমার ছিল না, আমি সুমনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।।”
Kolkata,West Bengal
