Last Updated:
West Bardhaman News: দমকল আধিকারিকদের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই বিপত্তি। তবে ঘটনার সময় ব্যাঙ্কের ভেতরে কেউ না থাকায় বড়সড় প্রাণহানির হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। ব্যাঙ্কের বহু গুরুত্বপূর্ণ নথি এবং বৈদ্যুতিক সরঞ্জাম ভস্মীভূত হয়ে গিয়েছে।
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: রাতের নিস্তব্ধতা চিরে ঘন কালো ধোঁয়া আর আগুনের লেলিহান শিখায় ঢাকল গোটা এলাকা। বুধবার গভীর রাতে দুর্গাপুরের এএসপি গেট সংলগ্ন রাষ্ট্রায়ত্ব ব্যাংকের একটি শাখায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়াল শিল্পাঞ্চলে। স্থানীয়দের মতে, ঘড়িতে তখন রাত প্রায় ১০টা। হঠাৎই ব্যাঙ্কের ভেতর থেকে কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া বের হতে দেখা যায়।
আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে সেই খবর ছড়িয়ে পড়তেই রাস্তার মোড়ে ভিড় জমতে শুরু করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন ও পুলিশ বাহিনী। ততক্ষণে ব্যাঙ্কের সামনের অংশ দাউদাউ করে জ্বলছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে প্রায় এক ঘণ্টার চেষ্টায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
প্রাথমিক তদন্ত শেষে দমকল আধিকারিকদের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই বিপত্তি। তবে ঘটনার সময় ব্যাঙ্কের ভেতরে কেউ না থাকায় বড়সড় প্রাণহানির হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। আগুনের তীব্রতায় ব্যাঙ্কের সামনের দিকের আসবাবপত্র, বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং বৈদ্যুতিক সরঞ্জাম ভস্মীভূত হয়ে গিয়েছে। যদিও প্রাথমিক তদন্ত অনুযায়ী ব্যাঙ্কের মূল ভল্ট বা লকার রুম সুরক্ষিত রয়েছে বলেই মনে করা হচ্ছে।
এই বিষয়ে অরবিন্দ মাহাতো জানান, নিয়মমাফিক কাজ শেষ করে সন্ধ্যায় কর্মীরা বেরিয়ে গিয়েছিলেন। রাতে খবর পেয়েই তিনি ছুটে আসেন। ঠিক কী কী ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ঘটনার জেরে বৃহস্পতিবার ব্যাঙ্কের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়েছে। আগুনের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির সম্পর্কে জানতে শুরু হয়েছে তদন্ত।
Durgapur,Barddhaman,West Bengal
West Bardhaman News: রাষ্ট্রায়ত্ব ব্যাংকে দাউদাউ করে আগুন, ভস্মীভূত বহু গুরুত্বপূর্ণ নথি! মাঝরাতে হুলুস্থুল কাণ্ড দুর্গাপুরে
