Last Updated:
Murshidabad News: পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আম কুড়োনোর সময় হঠাৎ কয়েকটি কুকুর হামলা চালায়। ওই শিশুর উপর ঝাঁপিয়ে পড়ে শরীরের বিভিন্ন অংশে কামড়ে গুরুতর জখম করে দেয়।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারীঃ বন্ধুদের সঙ্গে আম কুড়োতে গিয়ে কুকুরের কামড়ে মৃত্যু হল চতুর্থ শ্রেণির এক ছাত্রের। মর্মান্তিক দুর্ঘটনায় মুর্শিদাবাদের সুতি থানার বালিয়াঘাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, মৃত ওই ছাত্রের নাম অহিদ শেখ (১০)। তাঁর বাড়ি বালিয়াঘাটি গ্রামে। হৃদয়বিদারক ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকজন বন্ধুর সঙ্গে মহেশাইলের চাপাহাস এলাকায় আম কুড়োতে গিয়েছিল অহিদ। গাছের নীচে পড়ে থাকা আম সংগ্রহ করতে ব্যস্ত ছিল শিশুরা। সেই সময় হঠাৎ কয়েকটি কুকুর তাঁদের ঘিরে ধরে। আতঙ্কে অন্য শিশুরা দৌড়ে পালাতে সক্ষম হলেও অহিদ পালাতে পারেনি। তারপরেই কুকুরগুলো তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে এবং শরীরের বিভিন্ন অংশে কামড়ে গুরুতর জখম করে।
শিশুটির আর্তচিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে এসে কুকুরগুলোকে তাড়িয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় অহিদকে দ্রুত উদ্ধার করে মহেশাইল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে পৌঁছনোর পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এভাবে সন্তানের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মা-বাবা ও আত্মীয়দের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতাল চত্বর।
ঘটনার খবর পেয়ে সুতি থানার পুলিশ হাসপাতালে পৌঁছে দেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ছোট্ট শিশুর এই মর্মান্তিক পরিণতিতে শোকে কাতর গোটা গ্রাম।
Murshidabad,Murshidabad,West Bengal
Murshidabad News: বন্ধুদের সঙ্গে আম কুড়োতে গিয়ে কুকুরের কামড়! মর্মান্তিক পরিণতি চতুর্থ শ্রেণির ছাত্রের, পরিবারে হাহাকার
