Last Updated:
Suvendu Letter To Modi: মোদির চিঠির পর এবার প্রধানমন্ত্রীকে চিঠি শুভেন্দু অধিকারীর। কী লেখা আছে তিন পাতার বিশেষ এই চিঠিতে?
কলকাতা: পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিন পাতার চিঠি দিয়ে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিঠিতে পশ্চিমবঙ্গ দুর্নীতি, সন্ত্রাস ও তুষ্টিকরণের রাজনীতি থেকে মুক্ত হয়ে উন্নয়নের পথে এগোচ্ছে বলে উল্লেখ করলেন শুভেন্দু অধিকারী।
চিঠিতে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান স্মরণ করে ২০ জুনকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অদিকারী। জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপকে দেশের ঐক্য ও অখণ্ডতার ঐতিহাসিক বিজয় বলে উল্লেখ করা হয়েছে এই দীর্ঘ চিঠিতে।
পাশাপাশি নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) কার্যকর হওয়ায় ধর্মীয় নিপীড়নের শিকার উদ্বাস্তুদের নাগরিকত্বের পথ সুগম হয়েছে বলেও দাবি করা হয়েছে এই চিঠিতে। পশ্চিমবঙ্গের উন্নয়ন, শিল্প, শিক্ষা, সংস্কৃতি ও কর্মসংস্থানে কেন্দ্র-রাজ্যের সমন্বয়ে নতুন দিগন্ত খুলবে বলে চিঠিতে আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতায় প্রধানমন্ত্রীর উপস্থিতিকেও এক ঐতিহাসিক মুহূর্ত বলেও উল্লেখ করা হয়েছে চিঠিতে।
প্রসঙ্গত আজ ছিল রাজ্য বাজেট। বাংলায় বিজেপির প্রথম ডবল ইঞ্জিন সরকারের তরফে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা সরকারের সপ্তম বেতন কমিশনের পাশাপাশি ডিএ নিয়েও বড় ঘোষণা ছিল এবারের রাজ্য বাজেটে। বিজেপির বাজেটে DA নিয়ে বড় ঘোষণা করে দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত৷ বাজেটে বর্তমানের ১৮ শতাংশ মহার্ঘ ভাতার উপর অতিরিক্ত ২০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার৷ পেনশন প্রাপকরাও পাবেন ২০ শতাংশ DA৷ ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হবে ডিএ।
এদিকে রাজ্যে বাজেট আবহে সপ্তাহান্তে পশ্চিমবঙ্গে এসেই বাজেটের বিষয়ে রাজ্য সরকারকে এই বিষয়ে একটি চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, রাজ্যের উন্নয়নমূলক প্রকল্প, রেল পরিকাঠামো এবং অন্যান্য খাতে মিলিয়ে প্রায় ৬০ হাজার কোটি টাকার বরাদ্দ প্রক্রিয়া চলছে। পাশাপাশি ইতিমধ্যেই জল জীবন মিশন ও পরিকাঠামো উন্নয়নের জন্য প্রায় ৪০ হাজার কোটি টাকা এবং রেলের জন্য ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে এই চিঠিতে।
চিঠিতে মোদির আশ্বাস, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্যের উন্নয়ন, পরিকাঠামো এবং ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে। এই চিঠির জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রের এই সমর্থন রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মর্মেই একটি চিঠি লিখে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
Kolkata,West Bengal
Jun 22, 2026 11:59 PM IST
