Last Updated:
Barasat College Controversy: বারাসত গভর্নমেন্ট কলেজের লাইব্রেরি ভবন থেকে ব্যবহৃত কন্ডোম ও মদের বোতল উদ্ধারের ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন পড়ুয়ারা এবং কলেজ প্রশাসনের বিরুদ্ধে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ক্যাম্পাসের নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ছাত্রছাত্রীরা। ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে শুরু হয়েছে বিক্ষোভ।
বারাসাত, রুদ্র নারায়ণ রায়: কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের মতো একই ঘটনা নিয়ে এবারে তুমুল শোরগোল উত্তর ২৪ পরগনার বারাসত গভর্নমেন্ট কলেজে। বারাসত গভর্নমেন্ট কলেজের লাইব্রেরি ভবন থেকে উদ্ধার ব্যবহৃত কন্ডোম ও সারি সারি খালি মদের বোতল! ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এখানেই শেষ নয়, ‘অস্বাভাবিক’ভাবে সাজানো বেঞ্চ দেখেও প্রশ্ন উঠতে শুরু করেছে কর্মকাণ্ড নিয়ে। সূত্রের খবর, দীর্ঘদিন বন্ধ থাকা ওই ভবনের চাবি সম্প্রতি হাতে পাওয়ার পর সেখানে প্রবেশ করে ছাত্র-ছাত্রীরা, আর সেখানে ঢুকতেই চোখ কপালে ওঠে তাদের।
অভিযোগ, ওই ভবনের তিনতলায় একাধিক বেঞ্চ জোড়া দিয়ে খাটের মতো করে সাজিয়ে রাখা ছিল। পাশাপাশি বাথরুম ও বিভিন্ন বেঞ্চের নিচে পড়ে থাকতে দেখা যায় ব্যবহৃত নিরোধের প্যাকেট। ভবনের ছাদ এবং বিভিন্ন কোণায় ছড়িয়ে-ছিটিয়ে ছিল মদের খালি বোতল। এই দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়ে ছাত্র-ছাত্রীরা। তাদের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে এ ধরনের সামগ্রী পাওয়া অত্যন্ত উদ্বেগজনক। কলেজ চত্বরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে তারা দ্রুত তদন্ত এবং দোষীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, তার জন্য কঠোর নজরদারিরও আবেদন করেছেন।
ঘটনা প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ শান্তনু চক্রবর্তী জানান, সংশ্লিষ্ট ভবনটি দীর্ঘদিন ধরে প্রশাসনিক কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে ছিল, আজ-ই কলেজ কর্তৃপক্ষ সেটির দায়িত্ব পেয়েছে। তিনি বলেন, কী কী উদ্ধার হয়েছে এবং কীভাবে সেগুলি সেখানে এল, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ প্রসঙ্গে তিনি কিছুই জানেন না। প্রশ্ন উঠছে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে কীভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হল! ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সরব হয়েছে ছাত্র-ছাত্রীদের একাংশ।
North Twenty Four Parganas,West Bengal
