Last Updated:
Nabanna News: রাজ্যে প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এদিনের বাজেট পেশের সময় বলেন, ‘নতুন পুলিশ জেলা হবে কাঁথি, গোপীবল্লভপুর মহকুমা। MLA ফান্ড ৭০ লক্ষ থেকে বাড়িয়ে ১ কোটি টাকা। ফলতা ব্লককে মডেল ব্লক হিসেবে গড়ে তোলা হবে। জঙ্গিপুরের নদী ভাঙন রোধে ৫০ কোটি টাকা বরাদ্দ।
কলকাতা: আবারও রাজ্য পেতে চলেছে ডবল ইঞ্জিন সরকারের ডবল বেনিফিট। কেন্দ্রীয় স্কিম রাজ্যে চালু হতেই একাধিক প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ চলতি অর্থবর্ষেই। যার সুফল এবারের রাজ্য বাজেট। চলতি অর্থবর্ষে পিএমশ্রী প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ পাবে রাজ্য ২১০০ কোটি টাকা। সমগ্র শিক্ষা মিশনে পাবে ৩ হাজার কোটি টাকা। আয়ুষ্মান ভারতে পাবে ৩১০০ কোটি টাকা।
শুধু আয়ুষ্মান ভারতই নয়, ১২৫ দিনের কাজ অর্থাৎ VB-G RAM G খাতে পাবে ১৪ হাজার কোটি টাকা। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনাতে পাবে ১৩ হাজার কোটি টাকা। জল জীবন মিশনে পাবে ৮৮০০ কোটি টাকা। পিএম- সেতু প্রকল্পে পাবে ৫৭০ কোটি টাকা। জাতীয় স্বাস্থ্য মিশনে পাবে ২৭০০ কোটি টাকা।
এই প্রকল্পগুলোর মধ্যে কোনও কোনও প্রকল্পে ৬০ শতাংশ, আবার কোন প্রকল্পে কেন্দ্র ৫০ শতাংশ টাকা আবার কোনও প্রকল্পে কেন্দ্র ৭০ শতাংশ টাকা দেয় কেন্দ্র। বাকি টাকা রাজ্যকেই দিতে হয়। এছাড়াও আরো একাধিক কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ পাবে রাজ্য।
চলতি অর্থ বর্ষে এই প্রকল্পগুলি থেকে কেন্দ্রীয় অর্থ বরাদ্দ পাওয়ার পাশাপাশি আরো কিছু প্রকল্প রয়েছে যেগুলিতে ১০০ শতাংশ অর্থই কেন্দ্র দেবে। এছাড়াও, ওয়ার্ল্ড ব্যাঙ্ক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকেও আর্থিক বরাদ্দ পাবে রাজ্য। তার নিশ্চয়তা নিয়েই এবারের বাজেটে এই সুফল বলে নবান্ন সূত্রে খবর।
রাজ্য বাজেটে কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য ৩,১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই বরাদ্দকৃত বাজেটের আওতায় রাজ্যের প্রায় ৭ কোটি নাগরিককে এই স্বাস্থ্যবিমা প্রকল্পের সুবিধা প্রদান করার ঘোষণা করা হয়েছে।
পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য বাজেটে ‘অন্নপূর্ণা যোজনা’ (বা অন্নপূর্ণা ভাণ্ডার) প্রকল্পের জন্য ৩৬,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থমন্ত্রী স্বপন দাসগুপ্ত বাজেট পেশকালে এই বৃহৎ আর্থিক বরাদ্দের ঘোষণা করেন।
