Last Updated:
হাওড়া শিবপুরের মেয়ে সঞ্চিতা৷ ২০০৬ সালে সারেগামাপা লিটল চ্যাম্পস জিতে রাতারাতি স্টার হয়ে যায়৷ তখন তার বয়স ছিল ১৪ বছর৷ মাঝে কেটে গেছে ২০টা বছর! অনেক বদলে গেছে সঞ্চিতার জীবনও৷
কলকাতা: সারেগামাপা, জি বাংলার বহুদিনের হিট রিয়ালিটি শো৷ বড়দের পাশাপাশি ছোটদের জন্যও এই শো খুব জনপ্রিয়৷ কারণ ছোট-বড় সব বয়সীদের জন্যই হয় এই শো৷ সারেগামাপা লিটল চ্যাম্পস অর্থাৎ ছোটদের জন্য যখন প্রথম শুরু হয় সারেগামাপা, তাতে জয়ী হয়েছিল শিবপুর চ্যাটার্জি হাট হাই স্কুলের ছাত্রী৷ ২০০৬ সালে মাত্র ১৪ বছর বয়সে দেশজুড়ে তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল৷ সঞ্চিতা অন্য দুই ফাইনালিস্ট, মুম্বইয়ের ছেলে সমীর মোহাম্মদ এবং দিল্লির দিওয়াকর শর্মাকে পেছনে ফেলে এই শিরোপা জেতে।
মোট ১ কোটি ৩২ লক্ষেরও বেশি ভোট পড়েছিল, যার মধ্যে সঞ্চিতা ৪৫ লক্ষ ২৩ হাজারেরও বেশি ভোট পেয়ে ট্রফিটি জিতে নেয়। চ্যাম্পিয়ান হয়ে ছোট্ট সঞ্চিতা বলেছিল যে সে শুধু একজন প্লেব্যাক সিঙ্গার হতে চায়। ট্রফির পাশাপাশি হাওড়ার এই মেয়েটি ১৫ লক্ষ টাকার একটি স্কলারশিপ এবং নিজের ব্যক্তিগত অ্যালবাম তৈরির সুযোগ পেয়েছিল। সঞ্চিতার বাবা-মা নিজেরাও গায়ক৷ ফলে তাঁরাও চেয়েছিলেন যে মেয়ে গান নিয়েই ভবিষ্যতে এগিয়ে যায়৷
২০০৬ এ বিজয়ী হন সঞ্চিতা৷ এখন ২০২৬৷ মাঝে কেটে গেছে ২০টা বছর৷ সময় বদলেছে, অনেকটা বদলেছেন সঞ্চিতাও৷ সেদিনে ছোট্ট মেয়ে এখন তরুণী৷ কী করেন তিনি এখন? গানের জগতে কোথায় আছেন তিনি? সেই খোঁজ চলল৷
প্রথম প্রথম সঞ্চিতার উপর অনেকটা চাপ ছিল৷ চ্যানেলের সঙ্গে তার চুক্তি ছিল৷ ফলে তাদের মতো বিভিন্ন শোয়ে যেতে হত তাকে৷ একটা সময় তার দুটো সুটকেস গোছানো থাকত, বাড়ির বাইরে শোয়ে যাওয়ার জন্য৷ প্রচুর গানের শো করতে হত এবং মঞ্চেও গানের সুযোগ ছিল প্রচুর৷ গানও গেয়েছেন তিনি৷ তখন তার বয়স ছিল মাত্র ১৪ বছর৷ ফলে সেই সময়টা খুব বেশি জীবন উপভোগ করতে পারেনি ছোট্ট মেয়েটি৷ সেই আফশোস তার রয়ে গেছে৷ এখন সময় বদলেছে৷ নিজের গানে জগতটা গুছিয়ে নিতে চাইছেন সঞ্চিতা৷ কিন্তু সেই সুযোগ তার সামনে সেভাবেই আর নেই৷ সারেগামাপা-র তকমা নিয়ে বেশি দিন এগোনো সম্ভব নয়৷ কারণ বছরের পর বছর শো হচ্ছে এবং সেখান থেকে উঠে আসছে একের পর এক বিজয়ী৷ ফলে প্রতিযোগিতা অনেকটাই কঠিন৷
একসময় একটি অভিনেতা-পরিচালক রজত কাপুরের ছবি ‘মিথ্যা’ -তে একটি আইটেম গান গাওয়ার জন্য তিনি চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু তারপর আর সেভাবে সুযোগ আসেনি৷ কেন এতটা কম বয়সে সাফল্য পেয়েও তা ধরে রাখতে পারলেন না গায়িকা?
সঞ্চিতা মনে করেন যে সেসময় তার ম্যানেজম্যন্ট ভাল ছিল না৷ অর্থাৎ নেটওয়ার্কিং বা যোগাযোগের জন্য যে ব্যবস্থা ভাল ছিল না৷ এর জন্য কাউকেই অবশ্য দোষ দেন না তিনি৷ নিজের ভাগ্যতে বিশ্বাস করেন৷ একসময় খুব ভেঙে পড়েছিলেন৷ সেই সময় তাঁর স্বামী ছিলেন তাঁর পাশে৷ স্বামীর জন্যই নিজেকে সামলে নিতে পরেছেন বলে একটি সাক্ষাৎকারে বলেন গায়িকা৷ এরপর তিনি গীতা পড়তে শুরু করেন৷ তিনি মনে করেন শ্রী কৃষ্ণ তাঁকে পথ দেখিয়েছেন৷ এখন আবার নতুন করে চেষ্টা শুরু করেছেন সঞ্চিতা৷ বিভিন্ন শো করছেন৷ মাঝেমাঝে তাঁকে জি-বাংলার শোয়ে দেখা যায়৷
সারেগামাপার মঞ্চে ছোট্ট সঞ্চিতার গান এবং পরবর্তীতে এখন তাঁর গানের ভিডিও থাকল, দেখে নিন দুটোই৷
Kolkata,West Bengal
