Last Updated:
দেশজুড়েই অভিন্ন দেওয়ানি বিধি চালু করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। ‘এক দেশ, এক আইন’ চালু করার লক্ষ্যেই অভিন্ন দেওয়ানি বিধির পরিকল্পনা, যেখানে ভিন্ন ভিন্ন ধর্ম বা সম্প্রদায়ের জন্য আলাদা আইন থাকবে না। সকলের জন্য একই নিয়ম হবে।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: এ রাজ্যে পালাবদলের ‘ফুল’ বদলাতেই বদল ঘটছে অনেক কিছুরই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকারের হাত ধরে একের পর এক মাস্টার স্ট্রোক। এবার ‘এক দেশ এক আইন’ নিয়ে বড় পদক্ষেপের পথে বিজেপি সরকার। ‘‘এক দেশ এক আইন। এই কথা তো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শিখিয়ে গিয়েছেন। ওটা এবার হবেই। শুধু সময়ের অপেক্ষা। কেউ আটকাতে পারবে না ৷’’ সাফ জানালেন রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য।
দেশজুড়েই অভিন্ন দেওয়ানি বিধি চালু করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। ‘এক দেশ, এক আইন’ চালু করার লক্ষ্যেই অভিন্ন দেওয়ানি বিধির পরিকল্পনা, যেখানে ভিন্ন ভিন্ন ধর্ম বা সম্প্রদায়ের জন্য আলাদা আইন থাকবে না। সকলের জন্য একই নিয়ম হবে। আগামী সোমবার রাজ্য বিধানসভাতে এই বিল পেশ হতে চলেছে বলে জোর চর্চা শুরু হয়েছে। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা সংক্রান্ত কঠোর বিল আনা হবে বলে জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বিলে বলা হয়েছে, কোনও ব্যক্তি দুর্নীতিগ্রস্থ প্রমাণিত হলে, শুধু আইনি শাস্তিই নয়, তার সম্পত্তিও বাজেয়াপ্ত করতে পারবে সরকার। এদিকে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড (UCC) চালু করতে কোমর বেঁধে নামছে বিজেপি পরিচালিত সরকার। সব কিছু ঠিক থাকলে আগামী সোমবারই বিধানসভায় ইউনিফর্ম সিভিল কোড বিল পেশ করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার।
রাজ্যে ক্ষমতায় এলেই এই বিল বিধানসভায় পেশ করা হবে বলে নির্বাচনের আগেই জানিয়েছিল পদ্ম শিবির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিংবা শুভেন্দু অধিকারী থেকে শমীক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা UCC-র প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে। আর এই প্রসঙ্গেই দলের অবস্থান স্পষ্ট করে বঙ্গ পদ্ম সেনাপতি শমীক ভট্টাচার্য বললেন, ‘‘UCC শুধু নয়, আমরা আমাদের সব প্রতিশ্রুতিই পূরণ করতে বদ্ধপরিকর।’’
Kolkata,West Bengal
