Last Updated:
মহারাষ্ট্রের বিরোধী জোটে আরও বড় ভাঙনের আশঙ্কা কর হচ্ছে। ২৪ জুন জোটের বৈঠকে এনসিপি (শরদচন্দ্র পাওয়ার), কংগ্রেস এবং শিবসেনা (ইউবিটি)-র মোট ২৩ জন বিধায়ক অনুপস্থিত ছিলেন, এতেই ফের দলবদলের জল্পনা জোরালো হয়েছে।
মুম্বই: আগে যে ভাঙনের আশঙ্কা করা হচ্ছিল উদ্ধব সেনা নিয়ে তা এখন আরও বড় রূপ নিয়েছে। মহারাষ্ট্রের বিরোধী জোট মহা বিকাশ আঘাড়ি (এমভিএ)-র অন্দরে ভাঙনের জল্পনা আরও জোরালো হয়েছে। ২৪ জুন জোটের বৈঠকে এনসিপি (শরদচন্দ্র পাওয়ার), কংগ্রেস এবং শিবসেনা (ইউবিটি)-র মোট ২৩ জন বিধায়ক অনুপস্থিত থাকায় ভাঙন আরও বড় আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অনুপস্থিতদের তালিকায় ছিলেন এনসিপি (এসপি)-র শীর্ষ নেতা জয়ন্ত পাটিল, বিধায়ক রোহিত পাওয়ার, কংগ্রেস নেতা নানা পাটোলে ও বিজয় ওয়াদেত্তিওয়ার-সহ একাধিক গুরুত্বপূর্ণ মুখ। এমনকি এনসিপি (এসপি) প্রধান শরদ পাওয়ারও বৈঠকে উপস্থিত ছিলেন না।
তবে নেতাদের দাবি, এর পিছনে কোনও বিদ্রোহের কারণ নেই। জয়ন্ত পাটিল জানান, বৈঠকের তারিখ হঠাৎ ২৩ জুন থেকে ২৪ জুনে পরিবর্তন হওয়ায় তাঁর পূর্বনির্ধারিত ব্যক্তিগত কর্মসূচির সঙ্গে সংঘাত তৈরি হয়। অন্য অনুপস্থিত বিধায়কেরা স্বাস্থ্যগত সমস্যা বা নিজেদের কেন্দ্রের জরুরি পরিস্থিতির কথা উল্লেখ করেছেন।
তবুও এই অনুপস্থিতি রাজনৈতিক মহলে জল্পনা বাড়িয়েছে। কারণ এর মাত্র কয়েকদিন আগেই বড় ধাক্কা খেয়েছে উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি)। দলের ৯ জন লোকসভা সাংসদের মধ্যে ৬ জন একনাথ শিন্ডের শিবসেনা শিবিরে যোগ দেন।
এমভিএ-র বৈঠকে শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে জোটের ঐক্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “শুধু বিবৃতিতে ঐক্য দেখালেই হবে না, তা কাজে প্রমাণ করতে হবে।” এদিকে এনসিপি (এসপি)-র সাংসদদের দলবদলের জল্পনাও উস্কে দিয়েছে দলীয় বিধায়ক ধর্মরাও আত্রামের একটি মন্তব্য। তিনি দাবি করেন, শরদ পাওয়ারের দলের ৮ জন সাংসদের মধ্যে ৫ জন ডিসেম্বরের মধ্যে প্রতিদ্বন্দ্বী এনসিপি শিবিরে যোগ দিতে পারেন।
এই দাবি উড়িয়ে দিয়ে শরদ পাওয়ার স্পষ্ট জানিয়েছেন, “একজনও সাংসদ বা বিধায়ক দল ছাড়বেন না।” একই সুরে দলের কার্যকরী সভাপতি তথা বারামতির সাংসদ সুপ্রিয়া সুলেও বলেন, “আমাদের আটজন সাংসদ গতকাল যেমন একসঙ্গে ছিলেন, আজও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। আত্রামের কাছে যদি পাঁচজন সাংসদের তালিকা থাকে, তাহলে তিনি তা প্রকাশ করুন।”
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শিবসেনা (ইউবিটি)-র সাম্প্রতিক ভাঙনের পর থেকেই এনসিপি (এসপি)-কে ঘিরে বাড়তি সতর্কতা তৈরি হয়েছে। বর্তমানে শরদ পওয়ারের এনসিপিতে ৮ জন সাংসদ ও ১০ জন বিধায়ক রয়েছে। বিশেষজ্ঞদের মতে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বা সীমা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) সংক্রান্ত বিল—পাস করাতে সংসদে আরও সাংসদ প্রয়োজন। সেই কারণেই শরদ পাওয়ার শিবিরের সাংসদদের নিয়ে রাজনৈতিক জল্পনা অব্যাহত রয়েছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
