Last Updated:
পুণের লোহাগড় কেল্লার উপর থেকে হবু স্বামী কেতন আগরওয়ালকে ধাক্কা মেরে ফেলে খুন করার অভিযোগ উঠেছে ধৃৃত সিয়া গয়ালের বিরুদ্ধে৷ নিজের প্রেমিক চেতনের সঙ্গে মিলে এই ষড়যন্ত্র করে সে৷
পুণের কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে এবার মহারাষ্ট্র পুলিশের হাতে নতুন তথ্য৷ তদন্তকারীরা জানতে পেরেছেন, কেতনকে হত্যার আগে একসঙ্গে রাজস্থানের উদয়পুরে বেড়াতে গিয়েছিল কেতনের হবু স্ত্রী সিয়া গয়াল এবং তার প্রেমিকে চেতন চৌধুরী৷
গত ফেব্রুয়ারি মাসেই মহারাষ্ট্রেই অভিজাত ব্যবসায়ী পরিবারের সন্তানে কেতনের সঙ্গে সিয়ার বাগদান পর্ব সম্পন্ন হয়েছিল৷ সমাজমাধ্যমে সেই অনুষ্ঠানের আগে পরে দু জনের যতগুলি রিলস, ছবি এবং ভিডিও আপলোড করা হয় তাতে কেতন এবং সিয়াকে দেখে মনে হয়েছিল তাঁরা দুজনেই এই সম্পর্কে আবদ্ধ হয়ে খুবই খুশি৷ কিন্তু এই হাসিখুশি মুখের আড়ালেই নিজের প্রেমিক চেতন চৌধুরীর সঙ্গে মিলে হবু স্বামী কেতনকে হত্যার ছক কষছিল সিয়া৷
পুলিশ জানতে পেরেছে, কেতনের সঙ্গে বাগদানের কয়েক সপ্তাহ আগেই একটি দলের সঙ্গে উদয়পুরে বেড়াতে গিয়েছিলেন সিয়া৷ তাঁর সঙ্গে ছিলেন প্রেমিক চেতনও৷ দু জনে একসঙ্গে বেশ কয়েকদিন উদয়পুরে ছিলেন৷
তদন্তে নেমে এখনও পর্যন্ত চেতন এবং সিয়া সম্পর্কে হাতে আসা সব তথ্যই একত্রিত করে যাচাই করে দেখছে পুলিশ৷ গত কয়েক মাস ধরে দু জনের গতিবিধি, তারা কোথায় কোথায় গিয়েছিল, সেই সমস্ত তথ্য সংগ্রহ করার পাশাপাশি বৈজ্ঞানিক এবং টেকনিক্যাল তথ্য প্রমাণগুলিও খতিয়ে দেখা হচ্ছে৷
সূত্রের খবর, পুলিশের জেরায় সিয়া স্বীকার করে নিয়েছে যে সে কোনওদিনই কেতনকে বিয়ে করতে চায়নি৷ সিয়া দাবি করেছে, সে ভেবেছিল কেতনকে সরিয়ে দিতে পারলে বিয়ে নিয়ে ভাবার জন্য অন্তত বছর তিনেক সময় পেয়ে যাবে সে৷ কেতনের সঙ্গে বিয়ে ভেঙে দিলে তাদের সম্পর্ক নিয়েও প্রশ্ন উঠবে, একথা ভেবেই কেতনকে প্রাণে মেরে ফেলেই পথের কাঁটা সরানোর সিদ্ধান্ত নেয় সিয়া এবং চেতন৷
তদন্তকারীরা জানতে পেরেছেন, কেতনকে খুন করার বছর তিনেক পর চেতনকে বিয়ের পরিকল্পনা ছিল সিয়ার৷ সেই পরিকল্পনা মতো শপিং করার অছিলায় কেতনের থেকে ১ কোটি টাকা নিয়েছিল সিয়া৷ সেই টাকা নিয়ে প্রেমিক চেতনের হাতে তুলে দেয় সিয়া৷ যাতে ওই টাকা দিয়ে নিজের ব্যবসা দাঁড় করাতে পারে চেতন৷
চেতনই সিয়াকে জানিয়েছিল, টাকা পেয়ে গেলে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য তিন বছর মতো সময় লাগবে তাঁর৷ কেতনকে খুন করার কয়েক মাস পর সিয়ার পরিবারের সঙ্গে দেখা করে তাঁকে বিয়ের অনুমতি চাওয়ারও পরিকল্পনা ছিল চেতনের৷
Kolkata,West Bengal
