কলকাতা: যখন থেকে প্রোমো প্রকাশ্যে এসেছিল, তখন থেকেই দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ছিল। কেউ কেউ নতুন ‘দাদা’-কে সাদরে গ্রহণ করেছেন, কেউ কেউ আবার প্রশ্ন রেখে দিয়েছেন, যে সেটে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) বছরের পর বছর ধরে দেখেই অভ্যস্ত দর্শক, সেখানে প্রত্য়াশা পূর্ণ করতে পারবেন তো দেব (Dev)? আজ সোশ্যাল মিডিয়ায় ‘দাদা’ হিসেবে, নিজের লুক শেয়ার করে নিলেন দেব। আজ একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি ভাগ করে নেন ‘দাদা’ হিসেবে কাজ করার অভিজ্ঞতা। খুব তাড়াতাড়িই শ্যুটিং শুরু হয়ে যাবে, জনপ্রিয় এই শোয়ের। ‘দাদাগিরি’-র ব্যাটন হাতে নিয়ে দেব দর্শকদের প্রত্যাশা কতটা পূর্ণ করতে পারেন, এখন সেটাই দেখার। আজ সোশ্যাল মিডিয়ায় ২টি পোস্ট শেয়ার করে নেন দেব। একটি ছবিতে দর্শকদের দিকে ফিরে রয়েছেন, আরেকটি ছবিতে ফিরে রয়েছেন ক্যামেরার দিকে। সোশ্যাল মিডিয়ায় এই ২টি ছবি শেয়ার করে দেব লিখেছেন, ‘অবশেষে আজ থেকে শুরু হচ্ছে। দাদাগিরি। আছো তো?’
‘দাদগিরি’ করতে দেবের ভয়?
২৬ জুন, রাত ১২টার পরে প্রকাশ্যে এসেছিল, ‘দাদাগিরি’-র নতুন প্রোমো। আর সেখানেই দেখা গিয়েছিল দেব-কে। স্বমহিমায়। যে প্রোমো প্রকাশ্যে এসেছে, তা বেশ মজার ছলেই। দেবকে কাঁধে ‘দাদাগিরি’-র সঞ্চালনার দায়িত্ব যেতে পারে, এই খবর ছড়িয়ে পড়তেই, অনেকে কটাক্ষ করেছিলেন। প্রোমোতেও যেন দেখা গেল, সেই ঝলক! প্রোমোতে গল্প বোনা হয়েছে এভাবেই যে, ‘দাদাগিরি’-র অফার পেলেও, কিছুতেই সঞ্চালনায় রাজি হচ্ছেন না দেব। তিনি রীতিমতো স্বপ্ন দেখে, চমকে ঘুম ভেঙে উঠে বসছেন! কখনও আবার, বাড়ির পরিচারিকা থেকে শুরু করে মা, সবাই বললেও তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না যে, ‘দাদাগিরি’ -র সঞ্চালনার দায়িত্ব তাঁর আদৌ নেওয়া উচিত কি না! কারণ তাঁর মনে হচ্ছে, ‘কোথায় দাদা আর কোথায় আমি।’ শেষমেশ ময়দানে নামতে হয়, আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) আর যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta)-কে। এই ২ অভিনেতা ইতিমধ্যেই বড় শো-এর সঞ্চালনার গুরুদায়িত্ব সামলেছেন। তাঁরা দেবকে বোঝান যে, তাঁরা যদি পারেন, তাহলে দেব ও পারবেন। সেই মতো, ‘দাদাগিরি’-র ব্যাটন এবার দেবের হাতে। তিনি কতটা প্রত্যাশা পূরণ করতে পারবেন এখন সেটাই দেখার। এখনও প্রকাশ্যে আসেনি টেলিকাস্টের তারিখ।
Jisshu Sengupta: যাদের যাদের যা যা বলার, ভালো-মন্দ বা অভিমানের কথা, বলে ফেলা খুব জরুরি