Last Updated:
পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে জারি করা পেট্রোল-ডিজেল বিক্রির অস্থায়ী বিধিনিষেধ ১ জুলাই থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশে জ্বালানির সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক।
নয়াদিল্লি: পেট্রোল ও ডিজেল বিক্রি এবং বণ্টনের উপর জারি করা অস্থায়ী নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। আগামী ১ জুলাই থেকে এই নির্দেশ কার্যকর হবে বলে সোমবার জানিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক।
গত ১২ জুন পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ার পর দেশে জ্বালানি মজুতকরণ, কালোবাজারি এবং জ্বালানির অপব্যবহার রুখতে কেন্দ্র একাধিক অস্থায়ী বিধিনিষেধ জারি করেছিল। সেই সময় খুচরো স্তরে পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হলেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় খুচরো ও বাল্ক বিক্রির দামের মধ্যে পার্থক্য তৈরি হয়। এর ফলে বহু শিল্প, বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক গ্রাহক খুচরো পাম্প থেকে জ্বালানি কিনতে শুরু করেন বলে জানায় মন্ত্রক।
১২ জুনের নির্দেশিকা অনুযায়ী, সরকারি তেল বিপণন সংস্থাগুলির খুচরো পাম্পে প্রতিদিন একজন গ্রাহক বা একটি গাড়িকে সর্বাধিক ২০০ লিটার হাই স্পিড ডিজেল (এইচএসডি) বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল। পাশাপাশি শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের নির্দিষ্ট কনজিউমার পাম্প থেকেই জ্বালানি সংগ্রহের নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে, পশ্চিম এশিয়ার সাম্প্রতিক উত্তেজনার আবহে নতুন করে কূটনৈতিক তৎপরতার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ট্রুথ সোশ্যালে তিনি দাবি করেন, ইরান বৈঠকের অনুরোধ জানিয়েছে এবং মঙ্গলবার কাতারের দোহায় সেই বৈঠক অনুষ্ঠিত হবে।
হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, মার্কিন দূত স্টিভ উইটকফ এবং সিনিয়র উপদেষ্টা জ্যারেড কুশনার এই সপ্তাহে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে কাতার সফরে যাবেন। যদিও ইরানের উপ-বিদেশমন্ত্রী কাজেম গরিবাবাদি এই সপ্তাহে কোনও কারিগরি বৈঠক নির্ধারিত হওয়ার খবর অস্বীকার করেছেন।
Kolkata,West Bengal
Jun 29, 2026 10:07 PM IST
