Last Updated:
একটানা বৃষ্টিতে অরুণাচল প্রদেশের বিস্তীর্ণ অংশ বিপর্যস্ত৷ প্রশাসন জানিয়েছে, বন্যা, হড়পা বান, ভূমি ধসের কবলে পড়েছে রাজ্যের অন্তত ১২টি জেলা৷
একটানা বৃষ্টিতে ভয়াবহ বিপর্যয়ের মুখে উত্তর পূর্ব ভারতের একাংশ৷ প্রকৃতির রোষে বিপর্যস্ত অরুণাচল প্রদেশও৷ একটানা বৃষ্টিতে নদীর জলস্তর বেড়ে ইতিমধ্যেই বিপর্যস্ত হয়েছে অসম অরুণাচল রেল যোগাযোগ ব্যবস্থা৷ জায়গায় জায়গায় নেমেছে ভূমি ধস৷
অরুণাচলের লোয়ার সিয়াং প্রদেশের একটি ভিডিও দেখে শিউরে উঠেছে সমাজমাধ্যম৷ ভাইরাল ভিডিও-তে দেখা গিয়েছে, লোয়ার সিয়াং জেলার সিজি এলাকায় একজন মোটরসাইকেল আরোহীকে নিয়েই তলিয়ে যাচ্ছে আস্ত রাস্তা৷ কাদামাটির সঙ্গেই মোটরসাইকেল সমেত পাহাড়ের ঢাল বেয়ে নীচে তলিয়ে যেতে থাকেন মোটরসাইকেল চালক৷
এই দৃশ্য দেখে স্থানীয় কয়েকজন আতঙ্কে চিৎকার থাকতে থাকেন৷ কারণ প্রথমে মনে হয়েছিল ওই মোটরসাইকেল আরোহীর বেঁচে ফেরার কোনও আশাই নেই৷ কারণ যে জায়গায় এই ধস নামে তার নীচ দিয়েই প্রবল জলস্রোতে বয়ে যাচ্ছিল সিজি নদী৷ কিন্তু আশ্চর্যজনক ভাবে পাহাড়ের ঢাল বেয়ে বেশ কিছুটা নেমে যাওয়ার পর এক জায়গায় আটকে যায় মোটরসাইকেলটি৷ ততক্ষণে উপর থেকে কাদামাটি নেমে আসাও বন্ধ হয়েছে৷ সেই সুযোগেই মোটরসাইকেল ফেলে রেখে কোনওক্রমে উপরে উঠে আসেন ওই মোটরসাইকেল চালক৷
This evening, a terrifying look at a massive landslide. Watch the moment the earth continues to cave in and slide down right in front of those surveying the damage. 📍 Siji Block Point, Likabali–Milonpur Road, Lower Siang district, Arunachal Pradesh, India. pic.twitter.com/lvQkjf1MUq
— Weather Monitor (@WeatherMonitors) June 28, 2026
এই ভিডিও দ্রুত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে৷ যেভাবে ওই মোটরসাইকেল আরোহী নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন, তাকে অলৌকিকই বলছেন নেট ব্যবহারকারীরা৷ সমাজমাধ্যমে একজন লিখেছেন, ওই মোটরসাইকেল চালকের অবিলম্বে লটারির টিকিট কাটা উচিত৷
এই ভূমিধসের ফলে বিপুল পরিমাণে কাদামাটি পড়ে সিজি নদীর পথও অবরুদ্ধ হয়ে যায়৷ ফলে বাধা পেয়ে নদীর জল উপরের দিকে উঠতে থাকে৷ শেষ পর্যন্ত সোমবার সকালে অবশ্য নদী তার স্বাভাবিক গতিপথ ফিরে পায়৷
আগামী কয়েকদিনও অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর৷ ফলে যে এলাকাগুলিতে ধস নামার সম্ভাবনা রয়েছে, সেখান থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে প্রশাসন৷
Kolkata,West Bengal
