Last Updated:
Dadagiri: অবশেষে অপেক্ষার অবসান৷ দাদাগিরির অফিশিয়াল প্রোমোতে এতদিন তারিখ জানানো না হলেও, সারেগামাপার গ্র্যান্ড ফিনালের রাতে আবির চট্টোপাধ্যায় দেবের শো ‘দাদাগিরি’ শুরুর দিনক্ষণ স্পষ্ট করে জানিয়ে দিলেন।
কলকাতা: দীর্ঘ কয়েক মাসের প্রতীক্ষার অবসান ঘটল ২৮ জুন, রবিবার৷ টেলিভিশনের অন্যতম সেরা মিউজিক্যাল রিয়্যালিটি শো সারেগামাপা-এর গ্র্যান্ড ফিনালে ছিল গতকাল৷ জি বংলার জনপ্রিয় রিয়্যালিটি শো সারেগামাপা- ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে শেষ হতে না হতেই ‘দাদাগিরি’ গিয়ে বড় ঘোষণা করে দিলেন সঞ্চালক অভিনেতা আবির চট্টোপাধ্যায়৷ গ্র্যান্ড ফিনালের মঞ্চেই সমস্ত জল্পনায় সিলমোহর দিলেন টলিউড অভিনেতা৷ কবে থেকে শুরু হচ্ছে ‘দাদাগিরি’ তার দিনক্ষণও জানিয়ে দিলেন আবির৷
টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দাদাগিরি’ খুব শীঘ্রই ফিরছে পর্দায়৷ ‘দাদাগিরি’র মঞ্চে এবার বিরাট চমক৷ সৌরভ গঙ্গোপাধ্যায় নন, এবার ‘দাদাগিরি’র মঞ্চে ঝড় তুলবেন টলি সুপারস্টার দেব। ‘দাদাগিরি’র ব্যাট এবার লিয়েন্ডার পেজের হাতে উঠতে চলেছে এমনটাই জল্পনা শোনা গিয়েছিল। তবে সমস্ত জল্পনার অবসান করে সঞ্চালকের আসনে প্রথমবার দেখা যাবে সুপারস্টার দেবকে৷
চ্যানেলের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে রিয়্যালিটি শো-এর প্রোমো৷ কিন্তু তাতে শো-এর দিনক্ষণ কিছু প্রকাশ করা হয়নি৷ তবে সারেগামাপা-র ফিনালের রাতেই আবির জানিয়ে দিলেন কবে থেকে শুরু হচ্ছে ‘দাদাগিরি’র নতুন সিজন। এবারের ট্যাগলাইন হল– ‘দাদাগিরি না করেও দাদাগিরি করা যায়’। ‘দাদাগিরি’-র জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন সমস্ত ভক্তরা৷ ‘সারেগামাপা’ শেষ হওয়ার পরই অপেক্ষার অবসান হল৷ আবির চট্টোপাধ্যায় বলেন-‘সারেগামাপা’-র সফর শেষ, আগামী সপ্তাহ থেকেই প্রিমিয়ার হতে চলেছে ‘দাদাগিরি’র। অর্থাৎ ‘সারেগামাপা’-র জায়গায় এবার আসতে চলেছে দেবের ‘দাদাগিরি’।
এতদিন ‘প্রিন্স অফ ক্যালকাটা’সৌরভের দাদাগিরিতে মুগ্ধ হয়েছেন আপামর বাঙালি। বাঙালির কাছে ‘দাদাগিরি’ মানেই ছিল মহারাজ অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়৷ সূত্রের খবর,দর্শক টানতে নির্মাতারা নাকি দেবের সঞ্চালনাতেই ভরসা রেখেছেন। কিন্তু এবার ‘দাদাগিরি’ সঞ্চালনায় রদবদল। কারণ ‘দাদাগিরি’র মঞ্চ মাতানোর পর মহারাজ এবার বাংলার ‘বিগ বস’ হাউসে। শোনা যাচ্ছে, জনপ্রিয় রিয়ালিটি শোয়ের সঞ্চালক হিসেবে সুপারস্টার সাংসদের উপরই ভরসা রেখেছেন নির্মাতারা।
Kolkata,West Bengal
