Last Updated:
বাংলায় বহু হিট ছবি উপহার দিয়েছেন স্বপন সাহা৷ দীর্ঘদিনের বিরতির পর তিনি আবার ফিরছেন ছবি নিয়ে এবং একেবারে নতুন জুটি
কলকাতা: দীর্ঘ ছয় বছর অপেক্ষার পর অবশেষে বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় পরিচালক স্বপন সাহা ফিরছেন তাঁর নতুন পরিচালিত ছবি ‘মন ছুঁই’ নিয়ে। ২৯ জুন কলকাতার ভোজ আড্ডা-য় অনুষ্ঠিত হল ছবির ফার্স্ট লুক উন্মোচন। এই অনুষ্ঠানে পরিচালক স্বপন সাহাকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন তাঁর দীর্ঘদিনের বন্ধু ও জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন ছবির মুখ্য অভিনেতা মুম্বইয়ের মুদাসির রশিদ, দর্শনা বণিক, রোহন ভট্টাচার্য, অনসূয়া সামন্ত, রাজেশ শর্মা, লাবণী সরকার, অনামিকা সাহা, সুজয় ঘোষ, মনোজিৎ বোরাল, সৌরভ দাস, প্রযোজক নন্দিতা নাগ, অশীম কুমার নাগ, কুশল নাগ এবং সঙ্গীত পরিচালক মনোজিৎ গোস্বামী।
অনুষ্ঠানে আবেগঘন কণ্ঠে স্বপন সাহা বলেন, “নব্বইয়ের দশকে যে রোম্যান্টিক মিউজিক্যাল ধারার ছবি আমাকে দর্শকদের কাছে পরিচিত করেছিল, সেই ঘরানাতেই আবার ফিরছি। এই ছবির মাধ্যমে বাংলা সিনেমায় এক নতুন জুটিকে পরিচয় করিয়ে দিচ্ছি। যেমনভাবে নব্বইয়ের দশকে আপনারা আমাকে ভালবেসেছেন, তেমনভাবেই ‘মন ছুঁই’-কেও ভালবাসবেন বলে আমার বিশ্বাস। এছাড়া এই ছবিতে আশা ভোঁসলে ও জুবিন গর্গের কণ্ঠে গান রয়েছে, যাঁদের সঙ্গে আমার দীর্ঘদিনের কাজের সম্পর্ক রয়েছে।”

স্বপন সাহা ফিরছেন তাঁর নতুন পরিচালিত ছবি ‘মন ছুঁই’ নিয়ে
বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও উৎসাহদাতা হিসেবে উপস্থিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, “‘মন ছুঁই’ আমাকে নব্বইয়ের দশকে স্বপনদার সঙ্গে কাজের দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে। আমি নিশ্চিত, তাঁর দ্বিতীয় ইনিংসও সমান সফল হবে। এখন আমারই মনে হচ্ছে স্বপনদাকে জিজ্ঞেস করি— ‘তোমার রোম্যান্টিক ছবিতে অভিনয় করার জন্য আমি কি এখন খুব বেশি বয়স্ক হয়ে গেছি?’” — বলে হাসির রোল তোলেন তিনি।
ছবিটির অন্যতম আকর্ষণ কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে ও জুবিন গর্গ-এর কণ্ঠে গান৷ এই ছবির মাধ্যমে তাঁদের শ্রদ্ধার্ঘ্য জানানো হবে৷ সঙ্গীত পরিচালক মনোজিৎ গোস্বামী বলেন,“২০১৩ সালে আশা জির সঙ্গে আমার প্রথম গান রেকর্ড হয়েছিল। ‘মন ছুঁই’-এ প্রথমবারের মতো আশা ভোঁসলে ও সোনু নিগমের যুগল কণ্ঠ শোনা যাবে। রেকর্ডিংয়ের সময় আশা জি আবেগে কেঁদে ফেলেছিলেন, সেই মুহূর্ত আজও মনে আছে। পাশাপাশি, জুবিন গর্গের রেকর্ড করা শেষদিকের বাংলা গানগুলির একটি এই ছবিতে রয়েছে।”

‘মন ছুঁই’ ছবিতে থাকছেন রোহন-দর্শনা জুটি
নন্দিতা ফিল্মস অ্যান্ড এন্টারটেইনমেন্ট এবং মিনহাজ্জ প্রোডাকশন হাউস-এর প্রযোজনায় নির্মিত ‘মন ছুঁই’-এর শুটিং খুব শীঘ্রই শুরু হবে।
Kolkata,West Bengal
