Last Updated:
বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পরই দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
নির্বাচনে বিপর্যয় এবং দলে বিদ্রোহের পর কংগ্রেসের সঙ্গে সম্পর্ক মেরামতির চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কংগ্রেস শীর্ষ নেতৃত্বও তৃণমূলনেত্রীর পাশে দাঁড়িয়েছে৷ এই সময় কংগ্রেস নেতৃত্ব এবং ইন্ডিয়া জোটকে অস্বস্তিতে ফেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হলেন কংগ্রেস শাসিত তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি৷
তেলঙ্গনার মুখ্যমন্ত্রীর অভিযোগ, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারের প্রশাসনিক ব্যর্থতা কারণেই বাংলায় পায়ের তলার মাটি শক্ত করেছে বিজেপি৷ তৃণমূলের সংগঠনেও ফাঁকফোঁকর ছিল বলে দাবি করেছেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী৷ তবে রেভান্থ রেড্ডির দাবি, পশ্চিমবঙ্গ এবং তেলঙ্গনার পরিস্থিতি এক নয়৷ বিজেপি নেতৃত্ব যদি মনে করে বাংলার মতো তেলঙ্গনাতেও তারা ক্ষমতা দখল করবে, তাহলে তারা ভুলবে করবে বলেই দাবি করেছেন রেভান্থ রেড্ডি৷ তাঁর সরকার ক্ষমতায় থাকতে বিজেপি সেই সুযোগ পাবে না বলেই দাবি করেছেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী৷
বছর দেড়েক বাদে তেলঙ্গনায় বিধানসভা নির্বাচন৷ বাংলা দখলের পর এবার দক্ষিণ ভারতের এই রাজ্যেও ভাল ফল করতে মরিয়া বিজেপি৷ সম্প্রতি তিন দিনের সফরে তেলঙ্গনা পৌঁছেছে বিজেপি সভাপতি নীতিন নবীন৷ বিজেপি সভাপতির এই সফরকে কটাক্ষ করে রেভান্থ রেড্ডি বলেন, উনি খালি এখানে এসে বলেন পরের নির্বাচনে বিজেপি এখানে ক্ষমতায় আসতে চলেছে৷ আপনারা গত ১৫ বছর ধরে এই একই কথা বাংলায় বলেছেন৷ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বলেই হয়তো আপনাদের কৌশল কাজ করেছে৷ কিন্তু এখানে আমাদের কর্মীরা তৈরি৷ বিজেপি-কে আমরা ধরাশায়ী করে দেবো৷
দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে গিয়ে সনিয়া গান্ধির বাসভবনে গিয়ে কংগ্রেস নেত্রীর সঙ্গে দেখা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আবার কলকাতায় ফেরার আগে রাহুল গান্ধির সঙ্গে বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ভোটের ফল প্রকাশের পর মমতা বন্দ্যোপাধ্যায়কেও ফোন করেছিলেন রাহুল গান্ধি৷ এই পরিস্থিতিতে রেভান্থ রেড্ডি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন, তাতে কংগ্রেস নেতৃত্বেরও অস্বস্তি বাড়ল৷
Kolkata,West Bengal
