Last Updated:
প্রবল দুর্যোগের মধ্যে গাড়ি চালিয়ে ফিরতে গিয়ে চরম বিপদের মধ্যে পড়লেন মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাসে বসবাসকারী এই ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মী৷
হড়পা বানে গাড়ি ভেসে গিয়ে মৃত্যু হল মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত ৩৩ বছর বয়সি এক ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীর৷ মৃতের নাম ভেঙ্কটেশ দোপ্পালপুদি৷ তাঁর বাড়ি অন্ধ্রপ্রদেশে৷ ভেঙ্কটেশ এইচ ওয়ান বি ভিসাও পেয়ে গিয়েছিলেন৷
এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের নেবরাস্কা রাজ্যের ওমাহার বাসিন্দা ছিলেন ভেঙ্কটেশ৷ কানসাসে তাঁর গাড়ি হড়পা বানে ভেসে যায় বলে জানা গিয়েছে৷
শনিবার বিকেলে প্রবল দুর্যোগের মধ্যেই গাড়ি চালিয়ে হিউস্টন-এর দিকে যাচ্ছিলেন৷ প্রবল ঝড়, বৃষ্টির জেরে কানসাসের অনেক জায়গাতে প্রায় ৬ ইঞ্চি জল জমে গিয়েছিল৷ সেই সময়ই আচমকা হড়পা বানে ভেসে যায় তাঁর গাড়ি৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি ব্রিজের কাছে আধডোবা অবস্থায় ভেঙ্কটেশ দোপ্পালপুদির গাড়িটি দেখে ইমার্জেন্সি সার্ভিস-এ যোগাযোগ করেন তাঁরা৷ তখনও ওই গাড়ির ভিতরে ছিলেন ভারতীয় ওই তথ্যপ্রযুক্তি কর্মী৷
উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছলেও তীব্র জলস্রোতের কারণে ওই তথ্যপ্রযুক্তি কর্মীর গাড়ির কাছে পৌঁছতে পারেনি তারা৷ কিছুক্ষণের মধ্যেই ভেঙ্কটেশকে নিয়ে গাড়িটি ভেসে যায়৷ নিখোঁজ ওই ভারতীয়কে উদ্ধারে আকাশপথেও শুরু হয় তল্লাশি৷ শেষ পর্যন্ত পরের দিন ওই তথ্যপ্রযুক্তি কর্মীর দেহ উদ্ধার হয়৷
হিউস্টনের ভারতীয় দূতাবাসের থেকেও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়েছে৷ স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গেও তারা যোগাযোগ রাখছে৷ পাশাপাশি নিহত ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীর পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে৷
নিহত ভারতীয়ের দেহ দ্রুত দেশে ফেরানোর জন্য কানসাসের আইনপ্রণয়নকারী সংস্থাগুলির সঙ্গে সমন্বয় রাখছে ভারতীয় দূতাবাস৷ ভেঙ্কটেশের দেহ যাতে ভারতে পাঠানো যায় এবং তাঁর পরিবার যাতে শেষকৃত্য সম্পন্ন করার সুযোগ পায়, সেই খরচ তোলার জন্য মৃত ভারতীয়ের সহকর্মী এবং পরিচিতরা সমাজমাধ্যমে তহবিল তৈরি করে টাকা তোলার উদ্যোগ নিয়েছেন৷
Kolkata,West Bengal
