Last Updated:
সেবাশ্রয় নিয়ে তদন্তে নেমেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। জামিন অযোগ্য-সহ ২৭টি ধারায় মামলা রুজু হয়েছে। আর এই প্রেক্ষাপটে ‘সেবাশ্রয়’ ও ‘সেবাশ্রয় ২’ নিয়ে কোটি কোটি টাকা আর্থিক তছরুপের মতো বিস্ফোরক অভিযোগ করলেন, ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের চিকিৎসক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় এবং সেবাশ্রয় ২-এর কো-অর্ডিনেটর-এর দায়িত্ব পালন করা ব্যক্তি। অভিযোগ, ক্যাম্পে আসা রোগীদের পাঠানো হত বেসরকারি হাসপাতালে। সেখানে ফ্রি বলে ভর্তি করিয়ে, স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে টাকা তুলে নেওয়া হত।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ‘ভাই সাবধান।’ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঠিক এই ভাষাতে আগেই চরম হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তবে শুধুমাত্র ‘সাবধান’ করাই নয়, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ তথা তৃণমূল সরকারের আমলে সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় চিকিৎসা শিবির নিয়ে চাঞ্চল্যকর অভিযোগের পাহাড় ইস্যুতে সুর সপ্তমে তুলে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় নিউজ18 বাংলার এক প্রশ্নের উত্তরে অভিষেককে তীব্র নিশানা করে বলেছিলেন, ‘‘আপনি ধারাবাহিক মিথ্যে কথা আর চুরিচামারির কিংবদন্তি হয়ে গেছেন।’’
BNS-এর যা যা ধারাতে বিচার হওয়া উচিত তা হওয়া দরকার। ওখানে কোনও ডাক্তার ছিল না। আয়ুষ বিভাগের কিছু পড়ুয়া, ওয়ার্ডবয় আর সাফাইকর্মীরা ছিলেন। এরকম বড় চোর আমরা দেখিনি। এর মাশুল তাঁকে দিতে হবে বলেও সাফ জানান শারদ্বত মুখোপাধ্যায়।
সেবাশ্রয়ে যে অনিয়ম ও দুর্নীতি হয়েছে তা ‘ক্রিমিনাল অফেনস’। রাজনৈতিক স্বার্থে রোগীদের জীবন বাজি রেখে ছিনিমিনি খেলা হয়েছে বলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করেন স্বাস্থ্যমন্ত্রী। আর এবার সেবাশ্রয় ইসুতে পুলিশের কাছে দায়ের হওয়া অভিযোগ সংক্রান্ত তদন্ত রিপোর্ট তলব করল স্বাস্থ্য দফতর।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘যে ঘটনা সামনে এসেছে তা ভয়ঙ্কর। আমরা স্বাস্থ্য দফতরের কারা কারা সেবাশ্রয় শিবিরে গিয়েছিলেন? কার নির্দেশে গিয়েছিলেন? এই সব প্রশ্নের উত্তর খতিয়ে দেখছি। দোষী প্রমাণিত হলে কাউকে ছাড়া হবে না। পাশাপাশি পুলিশের কাছেও আমরা কী কী অভিযোগ জমা পড়েছে তার রিপোর্ট চেয়েছি ৷’’ জানান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।
ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের মামলা রুজু হল ডায়মন্ডহারবার থানায়। অভিযোগ, সেবাশ্রয় শিবিরে স্বাস্থ্যদফতরের অনুমোদন ছাড়াই চিকিৎসা করা হয়েছে। বেআইনিভাবে চিকিৎসার সরঞ্জাম, ওষুধ ও অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে। এমনকি, ওই শিবিরে অবৈধভাবে তেজস্ক্রিয় রশ্মির ব্যবহার হয়েছে বলেও অভিযোগ। তার ভিত্তিতে পুলিশ জালিয়াতি, প্রতারণা, ভেজাল ওষুধ ব্যবহার, পারমাণবিক শক্তি আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে। তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের বেশ কয়েকজন কর্মীর নাম রয়েছে।
Kolkata,West Bengal
