Last Updated:
সোশ্যাল মিডিয়ায় প্রেম, সেই প্রেমিকার সঙ্গে দেখা করতেই পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে) থেকে নিয়ন্ত্রণরেখা (এলওসি) অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এক যুবক। পরে ভারতীয় সেনার হাতে ধরা পড়ার প্রায় এক মাস পর সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে পাকিস্তানের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় পরিচয়, তারপর প্রেম। সেই ভালোবাসার টানেই পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে) থেকে নিয়ন্ত্রণরেখা (এলওসি) পেরিয়ে ভারতে ঢুকে পড়েছিলেন এক যুবক। পরে ভারতীয় সেনার হাতে ধরা পড়ার প্রায় এক মাস পর তাঁকে পাকিস্তানের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, পিওকের মুজাফফরাবাদ জেলার বাসিন্দা জিশান মিরের সঙ্গে স্ন্যাপচ্যাটে পরিচয় হয় জম্মু ও কাশ্মীরের উরি এলাকার বাসিন্দা ইরাম মাজিদের। অনলাইনেই দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, সেই সম্পর্কের টানেই জিশান অবৈধভাবে এলওসি পেরিয়ে ভারতে প্রবেশ করেন, যাতে তিনি ইরামের সঙ্গে দেখা করতে পারেন।
সেনা সূত্রে জানা গিয়েছে, গত ৩১ মে উরির সিলিকোট সেক্টরের কাছে ভারতীয় সেনার ১২ গ্রেনেডিয়ার্সের জওয়ানরা তাঁকে আটক করেন। তদন্তে জানা যায়, ধরা পড়ার প্রায় এক মাস আগেই তিনি সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকেছিলেন। প্রয়োজনীয় আইনি ও নিরাপত্তাজনিত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শনিবার (৪ জুলাই) উরির কামান আমন সেতু সীমান্ত চৌকিতে পাকিস্তান সেনাবাহিনীর হাতে জিশান মিরকে আনুষ্ঠানিকভাবে তুলে দেয় ভারতীয় কর্তৃপক্ষ।
ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, ভারতে থাকার সময় জিশানের সঙ্গে মানবিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে মর্যাদাপূর্ণ আচরণ করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে ফের সামনে এসেছে সীমান্ত পেরিয়ে প্রেমের এক ব্যতিক্রমী অধ্যায়। এর আগে ২০২৩ সালে পাকিস্তানের বাসিন্দা সীমা হায়দারের ঘটনা ব্যাপক আলোচনায় আসে। অনলাইন গেম **PUBG**-এর মাধ্যমে পরিচয়ের পর প্রেমিক সচিন মীনার সঙ্গে থাকতে চার সন্তানকে নিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন তিনি। গ্রেফতার হলেও পরে জামিন পান এবং বর্তমানে গ্রেটার নয়ডায় সচিনের সঙ্গে সংসার করছেন।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
Jul 04, 2026 11:59 PM IST
