Last Updated:
PoK Man Crossed Border To Meet Ladylove: স্ন্যাপচ্যাটে পরিচয় থেকে প্রেম, আর সেই টানেই পিওকে-র এক যুবক অবৈধভাবে এলওসি পেরিয়ে ভারতে প্রবেশ করেন। পরে ভারতীয় সেনার হাতে ধরা পড়ার পর আইনি প্রক্রিয়া শেষে তাঁকে পাকিস্তানের হাতে ফিরিয়ে দেওয়া হয়।
সোশ্যাল মিডিয়ায় পরিচয়, তারপর প্রেম। সেই প্রেমের টানেই পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে) থেকে নিয়ন্ত্রণরেখা (এলওসি) পেরিয়ে ভারতে ঢুকে পড়েছিলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে। নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ার পর সমস্ত আইনি ও নিরাপত্তা সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে পাকিস্তানের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, পিওকের মুজাফ্ফরাবাদের বাসিন্দা জিশান মিরের সঙ্গে স্ন্যাপচ্যাটের মাধ্যমে পরিচয় হয় জম্মু ও কাশ্মীরের উরির বাসিন্দা ইরাম মাজিদের। অনলাইনে শুরু হওয়া সেই বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমের সম্পর্কে পরিণত হয়। প্রিয়জনের সঙ্গে দেখা করার উদ্দেশ্যেই জিশান অবৈধভাবে এলওসি পেরিয়ে ভারতে প্রবেশ করেন বলে অভিযোগ। প্রায় এক মাস আগে তিনি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিলেন বলে জানা যায়। গত ৩১ মে উরির সিলিকোট সেক্টরের কাছে ভারতীয় সেনার ১২ গ্রেনেডিয়ার্সের জওয়ানরা তাঁকে আটক করেন।
ভারতীয় সেনা সূত্রে খবর, হেফাজতে থাকাকালীন জিশানের সঙ্গে মানবিক আচরণ করা হয় এবং সমস্ত নিয়ম মেনেই তাঁর দেখভাল করা হয়। পরে ৪ জুলাই উরির কামান আমন সেতু সীমান্ত দিয়ে তাঁকে পাকিস্তান সেনার হাতে তুলে দেওয়া হয়।
এই ঘটনা ফের সীমান্ত পেরিয়ে প্রেমের এক ব্যতিক্রমী কাহিনিকে সামনে এনে দিয়েছে। এর আগে ২০২৩ সালে পাবজি খেলতে গিয়ে পরিচয় হওয়া প্রেমিক সচিন মীনার সঙ্গে থাকতে পাকিস্তান থেকে ভারতে অবৈধভাবে এসেছিলেন সীমা হায়দার। একই বছরে অনলাইন লুডো খেলতে গিয়ে উত্তরপ্রদেশের মুলায়ম সিং যাদবের প্রেমে পড়ে নেপাল হয়ে ভারতে প্রবেশ করেছিলেন পাকিস্তানের ইকরা জিভানি। পরে তাঁকে গ্রেফতার করে পাকিস্তানে ফেরত পাঠানো হয়। জিশানের ঘটনাও সেই তালিকায় নতুন সংযোজন হিসেবে উঠে এল।
Kolkata,West Bengal
