Last Updated:
রেড রোড থেকে মুরলীধর সেন লেন, ইকো পার্ক, ভবানীপুর থেকে মিলন মেলা প্রাঙ্গণে বিশাল আয়োজন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলায় প্রথমবার সরকারে বিজেপি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে বঙ্গ পদ্ম সেনাপতি শমীক ভট্টাচার্য-সহ অন্যান্যদের আজ ঠাসা কর্মসূচি।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: আজ, সোমবার। ‘ভারত কেশরী’ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মজয়ন্তী অনুষ্ঠান উপলক্ষ্যে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ আজ, সোমবার শহরে শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তীতে একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন। কলকাতা বিমানবন্দরে নেমে প্রথমেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিকেল চারটে বেজে দশ মিনিটে ইকো পার্কে পৌঁছবেন। সেখানে শ্যামাপ্রসাদের ১২৫ ফুট উঁচু মূর্তি প্রতিষ্ঠা করার অনুষ্ঠানের সূচনা করবেন অমিত শাহ। এরপর ইকো পার্ক থেকে বেরিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বিকেল পাঁচটায় যাবেন শ্যামাপ্রসাদের পৈতৃক বাড়ি ভবানীপুরে। এই বাড়িতেই রযেছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি। জন্মদিনে সেই মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করবেন অমিত শাহ।
ভবানীপুরের অনুষ্ঠান শেষ করে অমিত শাহ এরপর বাইপাস সংলগ্ন মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে বিকেল সাড়ে পাঁচটায় অংশ নেবেন। সেখানে শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তীতে বক্তব্যও রাখবেন অমিত শাহ। বলাবাহুল্য, পূর্বতন সরকারের আমলে পশ্চিমবঙ্গ তথা দেশের ইতিহাসে শ্যামাপ্রসাদের অবদানকে চাপা দিয়ে রাখার চেষ্টা হয়েছে বলে বার বার অভিযোগ তুলেছে পদ্ম শিবির। সরকার বদলের পর শ্যামাপ্রসাদের অবদানকে পুনরায় পশ্চিমবঙ্গের সাধারণ জনতা ও তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকার ও বিজেপি। এদিকে আজ রাজ্যজুড়েই ভারত কেশরী শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তী উপলক্ষ্যে নানান অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য বিজেপি।

রেড রোডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা নিবেদন, কলকাতার ছয় নম্বর মুরলীধর সেন লেনের বিজেপির অন্যতম রাজ্য দফতর-সহ একাধিক জায়গায় শ্যামাপ্রসাদের জন্মদিন যথাযথ মর্যাদার সঙ্গে পালনের উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য বিজেপির পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচাৰ্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার-সহ রাজ্যের সকল নেতা- মন্ত্রীরা দিনভর আজকের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। প্রতি বছরই এই দিনটি পালন করা হয়। তবে এ বারের শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তী কর্মসূচির বাড়তি গুরুত্ব পেয়েছে। কারণ এ বার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়েছে।
বিজেপি নেতারা বলছেন, ‘‘এই প্রথমবার শ্যামাপ্রসাদের বাংলাতে তাঁরই তো সরকার গঠন হয়েছে। তাই বাড়তি উন্মাদনা তো থাকবেই।’’ যেহেতু অমিত শাহ, শ্যামাপ্রসাদের বাংলাতে আজকে তাঁর জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে কলকাতায় আসছেন তাই বাড়তি উন্মাদনা দেখা দিয়েছে বঙ্গ বিজেপিতে। রাজ্য সরকার থেকে রাজ্য বিজেপি নেতৃত্ব সবাই শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তীকে সামনে রেখে আজ নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণ করতে কোনও রকম খামতি রাখতে নারাজ।
Kolkata,West Bengal
