Last Updated:
Narendra Modi on Shyamaprasad Mookherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ভিডিও বার্তায় তাঁকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি শ্যামাপ্রসাদের আদর্শের প্রশংসা করে তাঁর বক্তব্য, “কংগ্রেস দেশকে ভাগ করেছিল, আমি পাকিস্তানকে ভাগ করেছি”, উদ্ধৃত করেন।
কলকাতাঃ ভারতকেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তাঁকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্য সরকারি কর্মসূচিতে ব্যস্ত থাকার কারণে অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে না পারায় দুঃখপ্রকাশ করে তিনি ভিডিও বার্তায় বলেন, প্রযুক্তির মাধ্যমে তিনি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মাটি ও বাংলার এই কৃতী সন্তানকে আজ গোটা দেশ স্মরণ করছে। তাঁর মতে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চিন্তাধারা ও আদর্শ আজও দেশকে পথ দেখাচ্ছে। ইচ্ছাশক্তি, স্পষ্ট উদ্দেশ্য এবং দৃঢ় সংকল্প থাকলে তবেই সাফল্য আসে বলেও মন্তব্য করেন তিনি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনকে সেই আদর্শেরই প্রতিফলন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
ভিডিও বার্তায় মোদি বলেন, “রাষ্ট্রবাদী সরকার হলে রাষ্ট্রনায়কেরা সম্মান পান এবং তাঁদের আদর্শ অনুযায়ী সরকার পরিচালিত হয়। তিনি জানান, গত দুই বছর ধরে দেশজুড়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে নানা কর্মসূচি পালিত হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করেছে উল্লেখ করে আজকের অনুষ্ঠান আয়োজনের জন্য রাজ্য সরকারকেও অভিনন্দন জানান তিনি।”
প্রধানমন্ত্রী বলেন, “শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জনসংঘ প্রতিষ্ঠার মাধ্যমে দেশে গণতান্ত্রিক বৈচিত্র্যের ভিত্তি গড়ে তুলেছিলেন। সেই সময় কংগ্রেসের রাজনৈতিক প্রভাবের মধ্যেও তিনি ভিন্ন মতাদর্শকে প্রতিষ্ঠা করার সাহস দেখিয়েছিলেন। তাঁর মতে, জনসংঘের সেই আদর্শই আজ বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল বিজেপির ভিত্তি।”
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দর্শন সময়ের সঙ্গে আরও বিস্তৃত হয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সংসদে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেছিলেন, ‘রাষ্ট্রীয়তার ধারাতলেই সোনালি ভবিষ্যতের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।’ প্রধানমন্ত্রী দাবি করেন, তিনি শুধু এই কথা বলেই থেমে থাকেননি, বরং সেই আদর্শে জীবন কাটিয়েছেন।
দেশভাগের প্রসঙ্গ টেনে মোদি বলেন, ১৯৪৭ সালে গোটা বাংলাকে ভারতের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল। সেই সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন এবং পশ্চিমবঙ্গকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে রাখার জন্য লড়াই করেছিলেন। তিনি আরও উল্লেখ করেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একসময় বলেছিলেন, “কংগ্রেস দেশকে ভাগ করেছিল, আমি পাকিস্তানকে ভাগ করেছি।” এই বক্তব্যের মধ্যেই তাঁর রাজনৈতিক দৃঢ়তা ও জাতীয়তাবাদের প্রতিফলন দেখা যায় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
Kolkata,West Bengal
