Last Updated:
জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল সিরিয়ার রাজধানী দামাস্কাস। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যে হোটেলে ছিলেন, তার কাছেই মঙ্গলবার পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। অল্পের জন্য রক্ষা পান ফরাসি প্রেসিডেন্ট।
দামাস্কাস: সিরিয়ার রাজধানী দামাস্কাসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যে হোটেলে ছিলেন, তার কাছেই মঙ্গলবার পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নিরাপত্তা সূত্রের দাবি, বিস্ফোরণ দুটির একটি ডাস্টবিনে এবং অন্যটি হোটেলের কাছে পার্ক করে রাখা একটি গাড়িতে রাখা বোমা থেকে হয়েছে। তবে এই ঘটনায় ম্যাক্রোঁ নিরাপদ রয়েছেন বলে জানানো হয়েছে।
এলিসি প্রাসাদের তরফে জানানো হয়েছে, বিস্ফোরণের শব্দ প্রেসিডেন্টের মোটরকেড পর্যন্ত পৌঁছায়নি। তাই তিনি বিস্ফোরণের আওয়াজ শুনতেই পাননি। ঘটনার কিছুক্ষণ পরই তিনি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে দামাস্কাসের প্রেসিডেন্ট প্রাসাদে বৈঠক করেন।
সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ম্যাক্রোঁর হোটেলের আশপাশে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যায় দমকল ও জরুরি পরিষেবার গাড়ি। নিরাপত্তার স্বার্থে আশপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয় এবং গোটা এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা চালু করা হয়।
এদিকে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা গিয়েছে, হোটেলের কাছে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি আগুনে পুড়ে যাচ্ছে। পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো হয়। অন্য একটি ভিডিওতে দূর থেকে বিস্ফোরণস্থল থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।
এটি ২০২৪ সালে বাশার আল-আসাদের পতনের পর কোনও পশ্চিম ইউরোপীয় রাষ্ট্রপ্রধানের প্রথম সিরিয়া সফর। যখন যুক্তরাষ্ট্র, ইজরায়েল ও ইরানের সাম্প্রতিক সংঘাতের পর পশ্চিম এশিয়ার পরিস্থিতি বড় মোড় নিয়েছে সেই সময়ে হওয়া এই সফর যথেষ্ট তাৎপর্যপূরণ। একইসঙ্গে, প্রাক্তন আল-কায়দা কমান্ডার থেকে সিরিয়ার প্রেসিডেন্ট হওয়া আহমেদ আল-শারা পশ্চিমা ও উপসাগরীয় দেশগুলির সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধে বিধ্বস্ত দেশটিকে পুনর্গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দামাস্কাস সফর শেষে ম্যাক্রোঁ ন্যাটো সম্মেলনে যোগ দিতে তুরস্কের আঙ্কারায় যাওয়ার কথা রয়েছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
