Last Updated:
Jagannath Dev Idol: মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের হস্তশিল্পীর তৈরি পেরেকহীন ও নিরেট কাঠের জগন্নাথ মূর্তি আজ বিশ্ববন্দিত। ছোট থেকে বড়, বিভিন্ন মাপের নিখুঁত এই বিগ্রহগুলির বাণিজ্যিক মূল্য যেমন নজরকাড়া, তেমনই বিদেশের বাজারে এর ভক্তিমূলক চাহিদাও আকাশছোঁয়া।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: আগামী সপ্তাহে রথযাত্রা। জগন্নাথের রথযাত্রা ভক্তদের কাছে একটা আবেগ। এবার জঙ্গিপুরের যুবকের হাতের তৈরি নিম কাঠের মহাপ্রভু জগন্নাথ দেব বিদেশে পাড়ি দিয়েছে রথযাত্রার আগেই। রঘুনাথগঞ্জ-২ নম্বর ব্লকের তেঘরি গ্রামের যুবক সুদীপ দাস ওরফে বাপ্পা প্রভু। নিম কাঠ দিয়ে তৈরি জগন্নাথ-বলভদ্র- সুভদ্রার মূর্তি। তাঁর তৈরি এই মূর্তি দেশের গণ্ডি ছাড়িয়ে এখন পাড়ি দেয়েছে বিদেশের বিভিন্ন জায়গায়। দেশ বিদেশের রথ যাত্রায় বাপ্পার তৈরি মহাপ্রভুর বিগ্রহ পূজিত হতে চলেছে এবার। তাতেই খুশি বাপ্পা।
বাপ্পা দাসের তৈরি বলরাম সুভদ্রা-সহ মহাপ্রভুর কাঠের জগন্নাথ দেব যেন প্রাণ পেয়ে থাকেন এই রথযাত্রা উৎসবে। কাঠ কেটে বিভিন্ন সাইজের জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি করেন বাপ্পা। ১৫ বছর বয়স থেকে জগন্নাথের মূর্তি তৈরীতে হাতেখড়ি তাঁর। প্রথম দিকে দেখে দেখে জগন্নাথের মূর্তি তৈরি করতেন তিনি। এখন আর দেখতে হয়না। ভক্তকে দিয়ে ভগবান যেন নিজেই তৈরি করিয়ে নেন তাঁর মূর্তি। প্রভু নিজেই যেন প্রাণ দেন তাঁর বিগ্রহে। বাপ্পা দাসের কাঠের তৈরি জগন্নাথ বলরাম – সুভদ্রা বর্তমানে পাড়ি দিয়েছে আমেরিকা, নিউইয়র্ক, অস্ট্রেলিয়া। এছাড়াও নেপাল, মালয়েশিয়া ও বাংলাদেশে রওনা দিয়েছে।
এছাড়া এবছর এদেশের অন্ধপ্রদেশ, ওড়িশা, হায়দরাবাদ, পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশ রওনা দিয়েছে। এবছর বাপ্পা খুব খুশি বৃন্দাবনের এক ব্যক্তি ৪০ সেটের মহাপ্রভুর বিগ্রহের অর্ডার দেওয়ায়। গত বছর রথের আগে বাপ্পা ৫০ সেটের মহাপ্রভুর বিগ্রহের অডার পেয়েছিলেন। এবার সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে দ্বিগুণ। এই কাজে বাপ্পা দাসকে সাহায্য করেন তাঁর স্ত্রী অঙ্কিতা। জগন্নাথ দেবের বিভিন্ন পোশাক তৈরি করে দেন স্ত্রী অঙ্কিতাদেবী।
বাংলা ক্যালেন্ডারের ফাল্গুন মাস থেকে শুরু করে রথযাত্রার পর্যন্ত প্রচুর বায়না থাকে এই মূর্তি তৈরি করার। বাপ্পা দাস জানিয়েছেন, “২০০৯ সাল থেকে আমি জগন্নাথদেবের সেবা করে চলেছি। প্রথমে একটি শিশু কাঠ নিয়ে আমি জগন্নাথ দেবের মূর্তি তৈরি করি। তারপর থেকে এখনও চলছে। মুর্শিদাবাদ জেলা থেকে এই জগন্নাথ দেব বিভিন্ন দেশে পাড়ি দেন। এর ফলে বিদেশের ভক্তরাও জগন্নাথ দেবকে পাচ্ছেন। পাশাপাশি কাজের নিরিখে রোজগারও চলছে। ৮ ইঞ্চি মহাপ্রভুর বিগ্রহের দাম ৯ হাজার টাকা। সব থেকে বড় ৪৮ ইঞ্চির বিগ্রহের দাম ১ লক্ষ ৮ হাজার টাকা। বাপ্পা দাসের মহাপ্রভুর মূর্তির বৈশিষ্ট্য হল সম্পূর্ণ নিম কাঠের কোনরকম জয়েন্ট ছাড়া তৈরি। বিগ্রহে পেরেক ব্যবহার করা হয় না। নিম কাঠ আনা হয় এরাজ্যের বিভিন্ন কাঠ মিল থেকে।”
Murshidabad,Murshidabad,West Bengal
Jagannath Dev Idol: ৯ হাজার থেকে লক্ষ টাকার জগন্নাথ দেব! রঘুনাথগঞ্জের সুদীপের হাতের জাদুতে মজেছে আমেরিকা-অস্ট্রেলিয়া, পাড়ি দিচ্ছে ৬ দেশে