Last Updated:
West Medinipur News: ভারতের লোকায়ত শিল্প ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এক অনন্য উদ্যোগ নিলেন মেদিনীপুরের শিক্ষক সন্তু জানা। অসম থেকে ওড়িশা, দেশের বিভিন্ন প্রান্তের ঐতিহ্যবাহী বস্ত্রখণ্ড ও উত্তরীয় সংগ্রহ করে নিজের বাড়িকেই বানিয়ে ফেলেছেন জীবন্ত এক পাঠশালা। তাঁর এই ব্যতিক্রমী প্রয়াস এখন নজর কাড়ছে সবার।
দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: পেশায় তিনি এক সাধারণ স্কুলশিক্ষক। কিন্তু তাঁর নেশা একেবারেই অসাধারণ। ইতিহাস আর ঐতিহ্য সংরক্ষণের অদম্য টানে নিজের বাড়িতেই তিনি গড়ে তুলেছেন এক আস্ত সংগ্রহশালা। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের বাসিন্দা ওই শিক্ষকের নাম সন্তু জানা। পুরনো খবরের কাগজ, প্রাচীন মুদ্রা বা ইতিহাস বিজড়িত নানা সামগ্রী তো তাঁর সংগ্রহে ছিলই, তবে সম্প্রতি তাঁর এই ভাণ্ডারে যুক্ত হয়েছে এক অভিনব সংযোজন— দেশের নানা প্রান্তের ঐতিহ্যবাহী উত্তরীয় ও দোপাট্টা।
সাধারণত কোনও অনুষ্ঠানে অতিথিদের বরণ করে নিতে উত্তরীয় বা দোপাট্টার চল রয়েছে। কিন্তু সন্তুবাবুর কাছে এই বস্ত্রখণ্ডগুলি নিছকই সম্মানের প্রতীক নয়, বরং প্রতিটি রাজ্যের নিজস্ব সংস্কৃতি ও লোকায়ত শিল্পের ধারক। নিজের ব্যক্তিগত খরচ ও আগ্রহে তিনি ইতিমধ্যে সংগ্রহ করে ফেলেছেন অসম, মেঘালয়, মিজোরাম, নেপাল, ওড়িশা, বিহার এবং পশ্চিমবঙ্গ-সহ বহু রাজ্যের ঐতিহ্যবাহী উত্তরীয়। প্রতিটি বস্ত্রের বুননে যেন প্রাণ পেয়েছে সেই অঞ্চলের নিজস্ব রুচি ও শিল্পকলা।
Paschim Medinipur,West Bengal