Last Updated:
Bus Service: এক যুগেরও বেশি সময় ধরে অপেক্ষা। দীর্ঘ ১৪ বছর ধরে বাদুড়ঝোলা হয়ে করতে হয়েছে যাতায়াত। তবে এবার ফিরল সুদিন। ভোটের সময় দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে দিলেন বিধায়ক। এতদিন যে সমস্ত যাত্রীদের ট্রেকারের ভরসায় হা-পিত্যেশ করে থাকতে হত, সেই রাস্তাতেই আবার নির্দিষ্ট সময় অন্তর চলবে যাত্রীবাহী বাস। খুশির হাওয়া খানাকুল-পুরশুড়া এলাকায়।
খানাকুল, হুগলি: দীর্ঘ ১৪ বছরের এক অন্তহীন অপেক্ষা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে করতে হয়েছে যাতায়াত। তবে এবার ফিরল সুদিন। হুগলির খানাকুলের চব্বিশপুর থেকে তারকেশ্বর যাত্রীবাহী বাস পরিষেবা ফের চালু হল। বিধানসভা নির্বাচনের আগে দেওয়া নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ। তাঁর উদ্যোগে মঙ্গলবার চব্বিশপুর বাজারে অনুষ্ঠানের মাধ্যমে এই বাস পরিষেবার সূচনা করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পরেই এই নির্দিষ্ট রুটে আচমকা ট্রেকারের দাপট মারাত্মকভাবে বেড়ে গিয়েছিল। অভিযোগের তির ছিল শাসকদলের স্থানীয় নেতাদের দিকে। ট্রেকারের একচেটিয়া দাপটের সঙ্গে পাল্লা দিতে না পেরে রাস্তা থেকে উঠে গিয়েছিল যাত্রীবাহী বাস। ফলে, গত ১৪ বছর ধরে চব্বিশপুর ও খানাকুল এলাকার সাধারণ মানুষকে বাসের অভাবে বারবার নিতে হয়েছে জীবনের ঝুঁকি।
পরিষেবা ফের চালু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকার নিত্যযাত্রীরা। অনেকের অভিযোগ, মেয়েদের পর্যন্ত বাধ্য হয়ে ট্রেকারের ছাদে উঠতে হতোও। অনেকে এই রুটে বাস ফেরার আশা ছেড়েই দিয়েছিলেন। কিন্তু ১৪ বছর পর আবার ফিরেছে সুদিন। জানা গিয়েছে, আপাতত যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে প্রতি ২০ থেকে ৩০ মিনিট অন্তর বাস পরিষেবা দেওয়া হবে।
Hugli,West Bengal
Jul 07, 2026 10:50 PM IST
