Last Updated:
Suvendu Adhikari Names Baby: রথযাত্রার আবহের মধ্যেই কন্যাসন্তানের আগমন। তার নামকরণকে ঘিরে খুশির জোয়ার ভাতার বিধানসভার বিধায়ক সৌমেন কার্ফার পরিবারে। তাঁরা একট কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। পূর্ব প্রতিশ্রুতি ও অনুরোধ রক্ষা করে নবজাতিকার নামকরণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
ভাতার,পূর্ব বর্ধমান,বনোয়ারিলাল চৌধুরী: রথযাত্রার আবহে খুশির জোয়ার ভাতার বিধানসভার নবনির্বাচিত বিজেপি বিধায়ক সৌমেন কার্ফার পরিবারে। রথের আগেই তাঁর ঘরে এসেছে নতুন সদস্য। কন্যাসন্তানের জন্ম দিয়েছেন বিধায়কের স্ত্রী রিম্পা কার্ফা। জীবনের এই বিশেষ মুহূর্তের খবর নিজেই সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন বিধায়ক। আর এই ঘটনায় বিশেষ মাত্রা যোগ করেছে নবজাতিকার নামকরণ।
পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীই তাঁর কন্যার নাম রেখেছেন ‘সুভদ্রা কার্ফা’। এর আগেই সৌমেন কার্ফা জানিয়েছিলেন, তাঁর প্রথম সন্তানের নামকরণের দায়িত্ব তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতেই তুলে দিতে চান। সেই অনুরোধ গ্রহণ করেছিলেন মুখ্যমন্ত্রী। অবশেষে রথযাত্রার প্রাক্কালে কন্যাসন্তানের জন্মের পর নিজের দেওয়া কথা রাখেন তিনি। জগন্নাথদেবের বোন দেবী সুভদ্রার নাম অনুসরণ করেই নবজাতিকার নাম রাখা হয় ‘সুভদ্রা’। এদিন নিজের ফেসবুক পোস্টে সৌমেন কার্ফা লেখেন, “আমার ঘরে মা লক্ষ্মী, মা অন্নপূর্ণা এসেছেন।
তিনি আরও লেখেন, আজ আমার কন্যাসন্তান হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আগেই নামকরণের দায়িত্ব দিয়েছিলাম। তিনি আমার কন্যার নাম রেখেছেন ‘সুভদ্রা’। সকলেই ওর জন্য আশীর্বাদ করবেন।” এই পোস্ট প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যা বইতে শুরু করে। রাজনৈতিক সহকর্মী, বিভিন্ন জেলার জনপ্রতিনিধি, দলীয় কর্মী-সমর্থক থেকে শুরু করে অসংখ্য সাধারণ মানুষ নবজাতিকার সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। অনেকেই রথযাত্রার ঠিক আগে কন্যাসন্তানের জন্ম এবং তাঁর নাম ‘সুভদ্রা’ রাখাকে শুভ ও তাৎপর্যপূর্ণ ঘটনা বলেও উল্লেখ করেছেন।
উল্লেখ্য, রথযাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব। ভগবান জগন্নাথ, বলরাম এবং তাঁদের বোন সুভদ্রাকে কেন্দ্র করেই এই উৎসবের মূল আচার পালিত হয়। তাই রথযাত্রার প্রাক্কালে জন্ম নেওয়া এক কন্যাশিশুর নাম ‘সুভদ্রা’ হওয়ায় বিষয়টি অনেকের কাছেই বিশেষ তাৎপর্য বহন করছে। নবনির্বাচিত বিধায়ক হিসেবে রাজনৈতিক ব্যস্ততার মাঝেও পরিবারের এই নতুন সদস্যের আগমন সৌমেন কার্ফার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মা ও নবজাতক দু’জনেই সুস্থ রয়েছেন। কন্যাসন্তানের আগমনে কার্ফা পরিবারে এখন উৎসবের আবহ, আর রথের আগে ‘সুভদ্রা’র আগমনকে ঘিরে শুভেচ্ছা ও আশীর্বাদে ভরে উঠেছে তাঁদের পরিবার এবং সামাজিক মাধ্যম।
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
Jul 12, 2026 10:37 PM IST
