Last Updated:
Supreme Court: রাজ্যের বিভিন্ন মাদ্রাসার ম্যানেজিং কমিটিগুলো যে ভাবে শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিয়োগ করেছে, তার পদ্ধতি নিয়ে আগেও প্রশ্ন তুলেছিলেন বিচারপতি দীপঙ্কর দত্ত৷ সোমবার অনুমোদিত মাদ্রাসার শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নিয়োগ সংক্রান্ত মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট৷
কলকাতা: অনুমোদিত মাদ্রাসার শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নিয়োগ সংক্রান্ত মামলা খারিজ সর্বোচ্চ আদালতের। কোনও রিট পিটিশনেরই কোনও মেরিট নেই বলে উল্লেখ করে আবেদন খারিজ বিচারপতি দীপঙ্কর দত্তর বেঞ্চের।
সোমবার মাদ্রাসা নিয়োগের রায়দানের সময় বিচারপতি দত্ত বলেন, ৩৫০রও বেশি পিটিশনের মধ্যে ১৩টি আবেদনকে বিস্তারিত শুনানির জন্য বাছা হয়েছিল। এই যুক্তিতে যে যদি এই ১৩টি আবেদনের বাস্তবতা পাওয়া যায়, তবে বাকি আবেদনকারীদেরও কথা শোনা হবে। কিন্তু আদালত সূত্রে জানা গিয়েছে, এই ১৩ আবেদনকারীর কেউই আদালতকে সন্তুষ্ট করতে পারেনি। তাই শুধু এই ১৩ আবেদনই নয়, সমস্ত আবেদনই খারিজ সর্বোচ্চ আদালতের।
প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ বিজেপি নেতৃত্বরা খারিজি মাদ্রাসায় বিশেষ দৃষ্টি দেওয়ার মাঝেই এই রায়দান সুপ্রিম কোর্টের৷ রাজ্যের বিজেপি সরকার জানিয়েছে, ১২ জেলার খারিজি মাদ্রাসায় পরিদর্শনের জন্য বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। পরিদর্শনে যাবেন জেলার সরকারি অফিসাররা।
খারিজি মাদ্রাসায় সরকারি সিলেবাস পড়ানো হয়? খারিজ মাদ্রাসায় সরকারি প্রকল্প চালু আছে? এই ধরনের প্রশ্নের উত্তর পেতে ১২ জেলার খারিজি মাদ্রাসা পরিদর্শনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা দফতর৷ ১৫ জুলাইয়ের মধ্যে পরিদর্শনের কাজ শেষের নির্দেশ৷ ২১ জুলাইয়ের মধ্যে খারিজি মাদ্রাসা নিয়ে রিপোর্ট জমা পড়বে নবান্নে৷
এ প্রসঙ্গে সম্প্রতি ফের বুদ্ধদেব ভট্টাচার্যের ২০০২ সালে করা মন্তব্য আলোচনায় উঠে আসছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যের কথা উল্লেখ করতে দেখা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের মতো নেতাকে৷
কী বলেছেন সুকান্ত মজুমদার?
রবিবার সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, ‘‘আমার ব্যক্তিগত মত এই ধরনের মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত। আজ থেকে বহু বছর আগে বুদ্ধদেব ভট্টাচার্য যখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন সীমান্তবর্তী মাদ্রাসা গুলি সন্ত্রাসের আঁতুরঘর। পরে দলের রাজনৈতিক চাপে তাঁকে তাঁর বক্তব্য থেকে সরে আসতে হয়েছিল। উনি তো এমনি এমনি বলেননি, অনেক গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতেই বলেছিলেন। সেই সময় যদি ওই অবস্থা থাকে, তাহলে তো আজ আরও খারাপ অবস্থা হবে। সরকারের উচিত যে মাদ্রাসার সঙ্গে এই ধরনের খারাপ কোনও বিষয়ে যোগসাজশ পাওয়া যাবে, সেগুলিকে দ্রুত বন্ধ করে দেওয়া।’’
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের খারিজি মাদ্রাসা-সংক্রান্ত মন্তব্যটি নিয়ে ২০০২ সালে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল সেই সময়। তাঁর বক্তব্যের পর পরই ফরওয়ার্ড ব্লক সহ বিভিন্ন শরিক দলের অসন্তোষের মুখে পড়েন বুদ্ধদেব৷ পরে জানান যে, অধিকাংশ সংবাদমাধ্যম তাঁর বক্তব্য বিকৃতভাবে উদ্ধৃত করেছে। তিনি বলেননি যে, অননুমোদিত মাদ্রাসাগুলো বেআইনি কার্যকলাপের কেন্দ্র। তিনি কেবল এই ধরনের মাদ্রাসাগুলোকে মূলধারায় আসার জন্য আবেদন করেছিলেন, যাতে তাদের ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পায়৷
Kolkata,West Bengal
Jul 13, 2026 11:47 AM IST
