Last Updated:
Rajya Sabha BJP Candidate: দলবদলের পরেই রাজ্যসভার টিকিট। আজ মনোনয়ন পেশ করলেন তৃণমূলের তিন প্রাক্তন সাংসদ।
কলকাতা: আজই রাজ্যসভার জন্য মনোনয়ন জমা দিলেন বিজেপির তিন ‘তৃণমূল কংগ্রেস ত্যাগী’ প্রার্থী। ইতিমধ্যেই সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক যোগ দিয়েছেন বিজেপিতে। তারপরেই তাঁদের রাজ্যসভায় প্রার্থী হওয়া নিয়ে শুরু হয় জল্পনা। অবশেষে আজ আনুষ্ঠানিক ভাবে রাজ্যসভায় মনোনয়ন জমা দিলেন তিন প্রবীণ রাজনীতিবিদ ও বিজেপি প্রার্থী।
গত বৃহস্পতিবারই বিজেপিতে যোগ দেন তিন প্রাক্তন তৃণমূল সাংসদ। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক, তিন তৃণমূল নেতা বিজেপিতে যোগ দিতেই মিলেছে রাজ্যসভার টিকিট। বর্তমান রাজনৈতিক সমীকরণে জয় নিশ্চিত তিন জনেরই। পশ্চিমবাংলা থেকে এর ফলে বিজেপির রাজ্যসভা সাংসদ তিন থেকে বেড়ে ছয় হওয়া কার্যত সময়ের অপেক্ষা।
আগামী ২৪ জুলাই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন। আর তার ঠিক তারই আগে দিয়ে গত ৯ জুলাই পশ্চিমবঙ্গে প্রথম যোগদান হল বিজেপিতে। এই যোগদানের মঞ্চ থেকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “যাঁরা মানুষের টাকা লুঠ করেছেন তাঁদের জন্য বিজেপির দরজা বন্ধ। যাঁরা যোগ দিয়েছেন তাঁরা ব্যতিক্রম।”
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকালে বিজেপির সল্টলেকের পার্টি অফিসে পৌঁছন সুস্মিতা দেব ও সুখেন্দুশেখর রায়। তারপর সেখানে আসেন প্রকাশ চিক বরাইক। আর তারপরই প্রশ্ন ওঠে বিশেষজ্ঞ মহলে যে তবে কি এবার বিজেপির রাজ্যসভার প্রার্থী হচ্ছেন তাঁরা?
এর আগে গত সপ্তাহে সোমবার অমিত শাহের সঙ্গে দেখা করেন সুখেন্দুশেখর রায়। আগেই রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিয়েছিলেন সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক। বস্তুত, গত মাসে তৃণমূলের দলীয় বিপর্যয়ের মধ্যেই প্রথমে সুখেন্দুশেখর রায় ও পরে সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইকের পদত্যাগের ফলেই রাজ্যসভার তিন আসনে নির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পরে।
ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পরেই একের পর এক নেতা মন্ত্রীদের মধ্যে শোনা যায় বিক্ষোভের সুর। তাঁদের মধ্যে কেউ কেউ বিজেপিতে যোগ দিতে পারেন এই সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হতেই এই বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের ভাল তৃণমূল খারাপ তৃণমূল মন্তব্য ঝড় তোলে। এই আবহেই সংসদ পদ ছাড়েন তিন তৃণমূল সাংসদ।
অবশেষে গত সপ্তাহে বিজেপিতে যোগ দিয়ে রাজ্যসভার নির্বাচনে প্রার্থী হন তিন প্রাক্তন তৃণমূল সাংসদ। রাজ্যসভা উপনির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে ৩ প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি। রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হন, সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক।
Kolkata,West Bengal
Jul 13, 2026 12:49 PM IST
