Last Updated:
প্রায় ২ দশক পর কলকাতায় পা রাখতে চলেছেন সাহিত্যিক তসলিমা নাসরিন৷ তাঁর এই ঘরে ফেরায় আবেগপ্রবণ নির্বাসিত ছবির পরিচালক-অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়৷
কলকাতা: কলকাতায় আসছেন তসলিমা নাসরিন৷ দীর্ঘ প্রায় ২০ বছর পর তিনি আবার ফিরবেন কলকাতাতে৷ এক অনুষ্ঠানের জন্য তাঁকে আমন্ত্রণ পাঠানো হয়েছে৷ তসলিমার এই ঘরে ফেরা নিয়ে আবেগপ্রবণ নির্বাসিত (Nirbashito) ছবির পরিচালক ও অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়৷ তাসলিমা নাসরিনের জীবনের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে তিনি তৈরি করেছিলেন ‘নির্বাসিত’। এই ছবিটি অত্যন্ত প্রশংসিত হয়েছিল এবং জাতীয় পুরস্কারও পায়৷ স্বাভাবিকভাবে তাসলিমার সঙ্গে একটা সেতুবন্ধ তৈরি হয়েছে চূর্ণীর। এতদিন পর তসলিমা তার সেকেন্ড হোম কলকাতায় পা রাখছেন শুনে উচ্ছ্বসিত পরিচালক-অভিনেত্রী। এই মুহূর্তের কলকাতা যে তাকে ফেরার এই সুযোগটা করে দিল সেটা সত্যি বড় বিষয়, বলছেন অভিনেত্রী।
চূর্ণীর সঙ্গে ফোনে যোগাযোগ করেন News18 বাংলার প্রতিনিধি৷ অভিনেত্রী বলেন, “আমি রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েছি। ভাবতেই পারছি না যেটা ঘটতে চলেছে। প্রায় কুড়ি বছর পর ওনাকে নিয়ে আসা হচ্ছে, কলকাতার মাটিতে উনি পা রাখতে পারবেন। যেখানে মানুষের ভাষা উনি বোঝেন যেই ভাষায় উনি নিজে কথা বলেন, লেখেন, এক্সপ্রেস করেন নিজেকে সেই ভাষাভাষীর মানুষের কাছে থাকা সত্যিই বড় ব্যাপার৷ কলকাতায়ও তো তাঁর সেকেন্ড হোম, যেখান থেকে রাতারাতি কিরম ভাবে চলে যেতে হয়েছিল ওনাকে৷ তসলিমার এখানে ফিরে আসাটা একটা অদ্ভুত জয়, এটা কলকাতার জয় এবং ওনার জয়।
তবে চূর্ণী গঙ্গোপাধ্যায়ের একটা আক্ষেপও রয়েছে৷ তিনি বলছেন যে, “আমার কষ্টটা যে মেনুটা ফিরতে পারল না। মিনু তো চলে গেছে। কাজেই মিনুর আর ফেরা হল না। এত দেরি করে ফেললাম আমরা৷ তিনি আরও জানান যে নির্বাসিত যখন তিনি বানিয়েছিলেন, তার রিভিউতে কবি জয় গোস্বামী একম একটা কথা লিখেছিলেন যা এখনও মনে রয়েছে চূর্ণীর৷ তিনি লিখেছিলেন যে, চুর্ণী কলকাতাকে গ্লানিমুক্ত করল৷ তসলিমা নাসরিনকে ফিরিয়ে আনার পদক্ষেপ নিয়ে এবার সেই গ্লানিমুক্তির পথে যেন আরও একধাপ এগিয়ে গেল কলকাতা শহর৷ পয়লা আগস্ট সেটা আবারও গ্লানিমুক্তি ঘটবে কলকাতায়, বলছেন চূর্ণী।
তাসলিমা কলকাতায় ফেরায় একটা বৃত্তটা সম্পূর্ণ হবে, মানছেন নির্বাসিত ছবির পরিচালক৷ উনি যদি এখানে থাকতে শুরু করেন আবার, যদি অন্তত সেই অফারটাও নাকি করা যায়। ওনারও তো নিজের ইচ্ছা অনিচ্ছের দাম আছে। বলতে পারেন যে আমি আর ফিরব না কলকাতায় কিন্তু ওনাকে সেই জায়গাটা দেওয়া যে আপনি আসতে চাইলে আপনি আসুন… এসে থাকুন সেই জায়গাটা….যদি দেওয়া হয় তাহলে বৃদ্ধটা কমপ্লিট হবে। কথা বলতে গিয়ে যেন গলা ধরে এল চূর্ণী গঙ্গোপাধ্যায়ের৷

কলকাতায় আসছেন তসলিমা নাসরিন৷
তসলিমার এই প্রত্যাবর্তনের নেপথ্যে বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যর অবদান স্বীকার করতেই হয়। তিনি রাজ্যসভায় প্রথম তসলিমার ‘ফেরা’ নিয়ে সরব হয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, বাংলাদেশের মৌলবাদী শাসকদের বিরুদ্ধে তসলিমা বরারব প্রতিরোধ গড়ে তুলেছেন। তাই বাংলায় সাহিত্যিকের ফিরে আসা জরুরি। কেন্দ্রকে এ ব্যাপারে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছিলেন শমীক। এখন বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরই শমীকের সেই ইচ্ছে পূরণ হতে চলেছে।
Kolkata,West Bengal
