Last Updated:
সকলের সামনে তাঁকে পোশাক পরিবর্তন করতে বলা হয়, শুনেই মেজাজ হারান নায়িকা৷ নায়িকাদের নিয়ে এমন মস্করা তিনি একেবারে পছন্দ করেন না বুঝিয়ে দিলেন জারিন খান৷
মুম্বই: পাপারাজ্জিদের বাড়বাড়ন্তে এখন অতিষ্ট তারকারা৷ কখনও তাঁদের মধ্যে তর্কাতর্কিও চলে৷ কখনও কারও ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন ওঠে, আবার কখনও এমন মন্তব্য করা হয় যা তারকাদের প্রকাশ্যে ক্ষুব্ধ করে তোলে। সম্প্রতি সোনাক্ষী সিনহা এবং নেহা ধুপিয়াও কিছু পাপারাজ্জির আচরণে অসন্তোষ প্রকাশ করেছেন। এখন এই তালিকায় জারিন খানের নাম যোগ হল। একটি অনুষ্ঠানে এমন কিছু ঘটেছিল যা অভিনেত্রীর ধৈর্যের বাঁধ ভেঙে দেয় এবং তিনি সবার সামনে পাপারাজ্জিদের বকাঝকাও করেন। জরিনের এই বক্তব্যের জেরে তাঁকে ট্রোল করা হয়নি, উল্টে নেটিজেনরা প্রশংসাই করছেন৷
সোমবার মুম্বইয়ে একটি পোশাক ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন জারিন খান। তিনি ব্র্যান্ডটির কালেকশনের সঙ্গে ক্যামেরার সামনে পোজ দিচ্ছিলেন তিনি। একটি ডেনিম জ্যাকেট ও একটি ড্রেসও হাতে ধরে প্রচার করছিলেন। এরই মধ্যে, সেখানে উপস্থিত একজন ফটোগ্রাফার ঠাট্টা করে জারিনকে সবার সামনেই পোশাকটি পরে দেখতে বলেন। পাপারাজ্জিদের এই মন্তব্যটি অভিনেত্রীর পছন্দ হয়নি। কোনও দ্বিধা ছাড়াই তিনি সঙ্গে সঙ্গে জবাব দেন, “আপনাদের সবার সামনে? সেটা হচ্ছে না।”
এরপর জারিন পাপারাজ্জিদের কড়াভাবে সতর্ক করে বলেন, “আমার সঙ্গে আজেবাজে কথা বলবেন না, কারণ আমি আজেবাজে কথা সহ্য করি না, ঠিক আছে? সবাই সীমার মধ্যে থাকবেন।” এ কথা শুনে দর্শকরাও মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন।
এই ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল হয়ে যায়। অনেক নেটিজেন জারিন খানের প্রশংসা করে বলেছেন যে তিনি সঠিক কাজ করেছেন। একজন লিখেছেন, “জারিন একদম ঠিক বলেছেন, এমন কথা বলার অধিকার কারও নেই।” আরেকজন লিখেছেন, “পাপারাজ্জিরা কীভাবে এমন মন্তব্য করতে পারে?” আরেকজন বলেছেন, “হয়তো তারা আশা করছিল জারিন সেখানেই তার পোশাক বদলে ফেলবে, যা সম্পূর্ণ ভুল।”
২০১০ সালে সলমন খানের বিপরীতে ‘বীর’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। ছবিটি বক্স অফিসে সফল না হলেও, জারিন পরিচিতি লাভ করেন। এরপর তিনি ‘রেডি’, জনপ্রিয় গান ‘ক্যারেক্টার ধিলা’, ‘হাউসফুল ২’, ‘হেট স্টোরি ৩’, ‘১৯২১’, ‘আকসার ২’ এবং পঞ্জাবি ছবি ‘জাট জেমস বন্ড’-এর মতো ছবিতে অভিনয় করেন। জারিন বেশ কিছুদিন ধরে বড় পর্দা থেকে দূরে আছেন। তাকে সর্বশেষ ২০২১ সালে জিওহটস্টারে মুক্তিপ্রাপ্ত ‘হাম ভি আকেলে তুম ভি আকেলে’ ছবিতে দেখা গিয়েছিল।
Kolkata,West Bengal
