কলকাতা: ২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়কে শহিদ মিনারে যোগ দিতে আহ্বান কংগ্রেসের। শহিদ মিনারে ২১ জুলাই পালন করবে প্রদেশ কংগ্রেস। সেই মতো শহিদ মিনারের সভাস্থল পরিদর্শন করলেন শুভঙ্কর সরকার। আর সেখানেই মমতাকে তাঁদের মঞ্চে আমন্ত্রণ জানালেন তিনি। বললেন, “প্রায়শ্চিত্ত করুন, কংগ্রেসের সঙ্গে যা করেছেন ভুল করেছেন স্বীকার করুন মমতা বন্দ্যোপাধ্যায়।” (Congress Invites Mamata Banerjee to 21 July Programme)
শহিদ মিনারে সভাস্থল পরিদর্শনের ফাঁকে এবিপি আনন্দের মুখোমুখি হয়ে মমতাকে আমন্ত্রণ জানান শুভঙ্কর। বলেন, “এই শহিদ মিনারে দাঁড়িয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান করছি, তাঁর যদি সৎ সাহস থাকে নিশ্চয়ই তিনি ইতিহাস বিকৃত করবেন ন। এই শহিদ মঞ্চে এসে ভুল করেছিলেন, ভুল সিদ্ধান্ত হয়েছিল, মঞ্চে দাঁড়িয়ে একথা বলবেন। কারণ পতাকাটা ছিল যুব কংগ্রেসের চক্রের পতাকা, কংগ্রেসের হাতের পতাকা। সেই পতাকার সম্মান যাঁরা রাখতে পারেন, যে কোনও জায়গায় রাজনীতিতে তাঁদের উচ্চতা অনেক বেশি হয়।” (Mamata Banerjee)
আরও পড়ুন: নবম-দশমে তৃতীয় ভাষায় পাশ করতেই হবে, নইলে মিলবে না সার্টিফিকেট, জানিয়ে দিল CBSE
শুভঙ্কর আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ভুল স্বীকার করলে আগামী দিনে তিনি মনে শান্তি পাবেন। কারণ এখনও পর্যন্ত দোষীদের গ্রেফতার করা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় যদি স্বীকার করে নেন যে ‘আমার দল ছাড়া ভুল হয়েছিল’, এই মঞ্চে এসে শহিদদের শ্রদ্ধা জানালে, যুব কংগ্রেস, কংগ্রেসের পতাকা…সেখানে কিছুটা হলেও তাঁর যে কৃতকর্ম, তার কিছুটা হলেও প্রায়শ্চিত্ত করা যাবে। সেটা যদি তিনি ভাবেন, তাহলে এই মঞ্চ সবার জন্যই স্বাগত।”
আরও পড়ুন: গাড়ির মাইলেজ কমিয়ে দিচ্ছে E20 পেট্রোল? নিতিন গডকড়ী বললেন, ‘যে কেউ মাইলেজ পরীক্ষা করতে পারে না’
সচিত্র ভোটার কার্ডের দাবিতে ১৯৯৩ সালের ২১ জুলাই তদানীন্তন যুব কংগ্রেস নেত্রী মমতার নেতৃত্বে বিরাট মিছিল বের হয়েছিল শহর কলকাতার বুকে। সেই মিছিলে পুলিশের গুলিতে ১৩ জন যুব কংগ্রেস কর্মী মারা যান। ১৯৯৭ সালে কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসেন মমতা। ১৯৯৮ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠা হয় তৃণমূল কংগ্রেসের। ২০১১ সালে ক্ষমতায় আসার পর ২১ জুলাই দিনটিতে বিরাট জনসমাবেশ শুরু করেন মমতা। মমতার প্রয়াত সতীর্থদের স্মরণে ওই দিনটি তৃণমূলের ‘শহিদ দিবসে’ পরিণত হয়। পাশাপাশি, বিরাট জনসমাবেশের মাধ্যমে ২১ জুলাই দিনটি মমতার রাজনৈতিক ক্ষমতাপ্রদর্শনের দিনও হয়ে ওঠে সময়ের সঙ্গে।
কিন্তু ২০২৬ সালের বিধানসভা নির্বাচন আগের সব সমীকরণ ভেঙে দিয়েছে। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ১৫ বছরের শাসনের অবসান ঘটেছে, তিনি নিজে পরাজিত হয়েছেন ভবানীপুর কেন্দ্রে। এখন আবার ২১ জুলাই দিনটির ‘দখলদারি’ নিয়েও কাড়াকাড়ি চলছে কার্যত। কংগ্রেসের তরফে শহিদ মিনারে ২১ জুলাই পালনের তোড়জোড় চলছে। আবার মমতার হাত ছেড়ে আসা ‘ঋতব্রত তৃণমূল’ও ২১ জুলাই পালন করছে নিজেদের মতো করে। সেই তুলনায় মমতার-আয়োজন নিষ্প্রভ, আলোচনাতেই নেই কার্যত। এমন পরিস্থিতিতে মমতাকে নিজেদের ২১ জুলাইয়ের মঞ্চে আহ্বান জানালেন শুভঙ্কর। ছুড়ে দিলেন কটাক্ষও।