Last Updated:
East Bardhaman News: রাজ্য স্তরের নবম পশ্চিমবঙ্গ স্টেট সাভাত চ্যাম্পিয়নশিপে নজরকাড়া সাফল্য অর্জন করলেন পূর্ব বর্ধমান জেলার প্রতিযোগীরা। ১৬টি পদক জিতে গড়লেন ইতিহাস।
বর্ধমান, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের সুকান্ত সদনে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল নবম পশ্চিমবঙ্গ স্টেট সাভাতে চ্যাম্পিয়নশিপ। রাজ্য স্তরের এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় নজরকাড়া সাফল্য অর্জন করে জেলার নাম উজ্জ্বল করলেন পূর্ব বর্ধমানের প্রতিযোগীরা। কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে জেলার খেলোয়াড়দের এই অসাধারণ পারফরম্যান্সের পর বর্তমানে পূর্ব বর্ধমানের ক্রীড়ামহলে বইছে খুশির হাওয়া।
এবারের রাজ্য চ্যাম্পিয়নশিপে হুগলি, দক্ষিণ দিনাজপুর, কলকাতা এবং উত্তর ২৪ পরগনা-সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে ৩০০-রও বেশি প্রতিযোগী অংশ নিয়েছিলেন। সেখানে পূর্ব বর্ধমান জেলা থেকে মাত্র ১৪ জন খেলোয়াড়কে পাঠানো হয়েছিল। কিন্তু সেই সীমিত সংখ্যক প্রতিযোগীই নিজেদের দুর্দান্ত দক্ষতার ছাপ রেখে টুর্নামেন্টে মোট ১৬টি পদক জিতে ইতিহাস তৈরি করেছেন।
জেলার এই সাফল্যের ঝুলিতে এসেছে ৬টি সোনা, ৩টি রুপো এবং ৭টি ব্রোঞ্জ পদক। অনবদ্য পারফর্ম করে সিনিয়র পুরুষদের ৭০ কেজি বিভাগে একাই দুটি সোনা জিতেছেন দীপান্বেষ দাস। এছাড়াও অঞ্জন রায়, রণবীর বারিক (দুটি সোনা), ঈভান মুন্সি ও পর্না দাস সোনার পদক জয় করেন। রুপো পেয়েছেন আয়ুষ ভট্টাচার্য, আয়ান মোল্লা ও বিশাল প্রধান। অন্যদিকে নূরাত, রোহিত, সংকল্প, সরফরাজ, শেখ ওয়াহিদ ও সৌম্যজিৎ দাস ব্রোঞ্জ পদক জয় করেছেন।
এই অভূতপূর্ব সাফল্য প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলার প্রশিক্ষক তথা সফল প্রতিযোগী দীপান্বেষ দাস বলেন, “খেলোয়াড়দের কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন এবং অদম্য আত্মবিশ্বাসের ফলেই মাত্র ১৪ জন প্রতিযোগী নিয়েও আমরা ১৬টি পদক জিততে পেরেছি। এই গৌরব শুধু খেলোয়াড়দের নয়, তাঁদের পরিবার এবং জেলার সকল ক্রীড়াপ্রেমীর।” আগামী দিনে জাতীয় স্তরেও জেলা খেলোয়াড়রা আরও ভালো ফল করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ক্রীড়া বিশেষজ্ঞদের মতে, মাত্র ১৪ জন প্রতিযোগীর এমন অল-রাউন্ড পারফরম্যান্স ও ১৬টি পদক জয় রাজ্য সাভাতে চ্যাম্পিয়নশিপের ইতিহাসে পূর্ব বর্ধমান জেলার অন্যতম সেরা নজির। এই অভাবনীয় ফলাফল আগামী দিনে জেলায় সাভাত খেলার জনপ্রিয়তা বাড়াতে এবং নতুন প্রজন্মকে এই খেলায় আগ্রহী করে তুলতে বিপুল উৎসাহ জোগাবে।
