Last Updated:
কালীঘাট থানার ওসি হওয়ার পর শান্তনু সিনহা বিশ্বাসের প্রভাব বেড়ে যায় এবং তাঁর চেম্বারেই ব্যবসায়িক বৈঠক হত বলে ইডির চার্জশিটে দাবি। পুলিশ বদলি, ওয়েলফেয়ার কমিটি, কো-অপারেটিভ ব্যাঙ্ক ও অনুদান সংগ্রহ নিয়েও চার্জশিটে একাধিক অভিযোগের উল্লেখ করেছে তদন্তকারী সংস্থা।
কলকাতা: কালীঘাট থানার ওসি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই শান্তনু সিনহা বিশ্বাসের প্রভাব উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় বলে দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সংস্থার দাখিল করা চার্জশিটে কলকাতা পুলিশের এক ইন্সপেক্টরের বয়ানের উল্লেখ করে এই দাবি করা হয়েছে।
ইডির দাবি, ওই ইন্সপেক্টর একাধিক সময়ে একাধিক থানায় সিনিয়র অফিসার হিসেবে শান্তনু সিনহা বিশ্বাসের অধীনে কাজ করেছেন। চার্জশিটে উল্লেখ করা হয়েছে, হেয়ার স্ট্রিট থানার ওসি থাকাকালীন শান্তনু মূলত পুলিশের স্বাভাবিক দায়িত্ব পালন করতেন এবং সহকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। তবে কালীঘাট থানায় ওসি হিসেবে আসার পর তাঁর আচরণে পরিবর্তন আসে বলে দাবি তদন্তকারী সংস্থার।
চার্জশিটে আরও দাবি করা হয়েছে, জয় কামদার একাধিকবার কালীঘাট থানার ওসি শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকে একাধিক থানার পুলিশ বদলি নিয়ে আলোচনা এবং তালিকা তৈরি করা হয়েছিল বলেও উল্লেখ করেছে ইডি।
ইডির চার্জশিটে ওয়েলফেয়ার কমিটি এবং পুলিশের কো-অপারেটিভ ব্যাঙ্কে শান্তনু সিনহা বিশ্বাসের একচ্ছত্র প্রভাবের কথাও উল্লেখ করা হয়েছে। সংস্থার দাবি, বর্তমানে কলকাতা পুলিশের সাব-ইন্সপেক্টর পদে কর্মরত শান্তনুর এক ঘনিষ্ঠ ব্যক্তির বয়ানে অনুদানের নামে অর্থ সংগ্রহের বিষয়টি উঠে এসেছে।
চার্জশিটে দাবি করা হয়েছে, পরিকল্পনা করেই প্রতিটি থানায় সুভেনির পাঠানো শুরু করেছিলেন শান্তনু সিনহা বিশ্বাস। ওই সুভেনিরের মাধ্যমে ৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত সংগ্রহ করা হত। চেক ও নগদ—উভয় মাধ্যমেই এই অর্থ তোলা হয়েছে বলে চার্জশিটে উল্লেখ রয়েছে। এছাড়া বিজ্ঞাপন সংস্থার মাধ্যমেও ৫০ হাজার থেকে ৫ লক্ষ টাকা সংগ্রহ করে ওয়েলফেয়ার কমিটিতে জমা পড়ত বলে দাবি করেছে ইডি।
কো-অপারেটিভ ব্যাঙ্কের লেনদেনের ক্ষেত্রেও সবকিছুই শান্তনু সিনহা বিশ্বাসের নিয়ন্ত্রণে ছিল বলে চার্জশিটে উল্লেখ করেছে ইডি। ব্যাঙ্কের কর্মী নিয়োগ থেকে বোর্ড নির্বাচন—সব ক্ষেত্রেই তাঁর কথার বিরোধিতা করার সাহস কেউ দেখাতে পারেননি বলেও দাবি তদন্তকারী সংস্থার চার্জশিটে।
Kolkata,West Bengal
Jul 15, 2026 12:55 PM IST
