কলকাতা : এবার শহিদ দিবস পালন করবে NCPI-ও, জানালেন NCPI সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। ‘যে ঘটনা ঘটেছিল, সেটা আমার সামনে ঘটেছিল। সেটা নিয়ে আমার শহিদ, তোমার শহিদ করলে হবে না। পৃথিবীর সকল শহিদকে সম্মান জানানোটা কর্তব্য। আমরাও শহিদ দিবস পালন করব’, মন্তব্য কাকলি ঘোষ দস্তিদারের।
কাকলি বলেছেন, ‘শহিদ কিন্তু সবার। যিনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য প্রাণ হারিয়েছেন তিনিও শহিদ। যিনি পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রাণ দিয়েছেন তিনিও শহিদ। পৃথিবীর যেকোনও কোণে কোনও বিষয়ে যিনি জীবন দিয়েছেন, তাঁকে সম্মান জানানোটা বাকিদের কাজ। যাঁরা রাজনীতি করেন তাঁরা তো বিশেষভাবে এগুলো মেনে চলেন। ঘটনাটা তো আমার চোখের সামনে ঘটেছিল। সেটা নিয়ে তো খালি আমার শহিদ, তোমার শহিদ, আজকে শহিদ মিনারের শহিদ, নাকি গান্ধী মূর্তির পাদদেশের শহিদ… সেটা তো নয়। আমরাও সেখানে ছিলাম। পৃথিবীর সকল শহিদকে সম্মান জানানোটা কর্তব্য বলে আমরাও সেটা পালন করব।’
NCPI সাংসদ কাকলি ঘোষ দস্তিদার আরও বলেছেন, ‘শহিদ শহিদ-ই হয়। শহিদ কে? যিনি দেশের জন্য প্রাণ দেন। কার্গিলের শহিদও শহিদ, স্বাধীনতা সংগ্রামের শহিদও শহিদ, আবার ২১ জুলাই যাঁরা প্রাণ দিয়ে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার স্বার্থে লড়াই করেছিলেন, তাঁরাও শহিদ। আমরা স্মৃতি তর্পণ চিরকালই করেছি। এখনও করব।’
‘কালীঘাট তৃণমূলের ২১ জুলাই হবে বিড়লা তারামণ্ডলের সামনে’, শর্ত বেঁধে দিয়ে জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। ভিক্টোরিয়া হাউস, এসপ্ল্যানেড ইস্ট এবং ডোরিনা ক্রসিংয়ে সভার অনুমতি দিল না আদালত। এইসব জায়গায় সভার অনুমতি দিলে শহর অবরুদ্ধ হয়ে পড়বে, মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যর। সর্বাধিক ২৫০০ হাজার কর্মী -সমর্থক নিয়ে পালন করতে হবে শহিদ দিবস, নির্দেশ আদালতের। ‘বিড়লা তারামণ্ডলের সামনে একদিকের রাস্তা আটকে সভা করতে হবে। পর্যাপ্ত পুলিশ মোতায়েন করতে হবে, আইন শৃঙ্খলার অবনতি যেন না হয় সেটা দেখবে পুলিশ। বেলা ১২ টা থেকে দুপুর ৩:৩০ পর্যন্ত কর্মসূচি করা যাবে’, জানাল কলকাতা হাইকোর্ট। ২০ জন স্বেচ্ছাসেবকের নাম ১৮ জুলাইয়ের মধ্যে পুলিশকে জানাতে হবে, নির্দেশ আদালতের। নির্ধারিত রাস্তা ছাড়া অন্য রাস্তায় যেন মানুষ না যায়, তা নিশ্চিত করতে হবে ‘কালীঘাট তৃণমূল’ এবং পুলিশকে, নির্দেশ আদালতের। ২১ জুলাই নিয়ে আমাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে, মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যর। গোটা শহর অবরুদ্ধ হয়ে পড়ত, মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যর।