Last Updated:
Job News: রাজ্য সরকারের সহযোগিতায় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে ‘PACE’ নামক একটি বিশেষ অ্যাপ চালু করেছে। এই স্ব-রোজগার প্রকল্পের মাধ্যমে বেসরকারি সংস্থায় সরাসরি কাজের সুযোগ পাবেন শিক্ষিত প্রার্থীরা, যেখানে মহিলাদের জন্য থাকছে ৩০ শতাংশ সংরক্ষণ।
মেদিনীপুর, রঞ্জন চন্দ: বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে এক অভিনব উদ্যোগ গ্রহণ করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। শিক্ষিত বেকারদের বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে সরাসরি যুক্ত করতে পুলিশের তরফে চালু করা হয়েছে ‘পেস’ (PACE – Police Assistance in Career & Employment Enhancement) নামক একটি বিশেষ মোবাইল অ্যাপ। রাজ্য সরকারের সহযোগিতায় জেলা পুলিশের এই স্ব-রোজগার প্রকল্পের মাধ্যমে জেলার কর্মপ্রার্থীরা সহজেই নিজেদের যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ পাবেন।
পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে এবং রাজ্য সরকারের সহযোগিতায় বেকারদের কর্মসংস্থানের যে নতুন রূপরেখা তৈরি হয়েছে, তাতে জেলার মহিলাদের স্বনির্ভরতার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। পুলিশের এই স্ব-রোজগার প্রকল্পে ১৮ বছর পেরোনো মহিলারা আবেদন করতে পারবেন। তবে এই ক্ষেত্রে তাঁদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক বা তার বেশি।
জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানিয়েছেন, প্রথম পর্যায়ে এলাকার যুবক যুবতীদের কাজের সুযোগ করে দেওয়ার জন্য ২১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। এর পর ১ অগাস্ট থেকে ১০ অগাস্টের মধ্যে চলবে আবেদনপত্র বাছাই এবং ইন্টারভিউয়ের কাজ। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে স্বাধীনতা দিবসের আগেই নির্বাচিত মহিলাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে জেলা পুলিশ। পুলিশ সুপারের কথায়, শুধুমাত্র অগাস্ট মাসেই জেলার ১ হাজার জনকে এই নিয়োগপত্র দেওয়া হবে।
শুধু এই বিশেষ স্ব-রোজগার প্রকল্পই নয়, বেসরকারি সংস্থায় কাজের জন্য পুলিশের যে ‘পেস’ (PACE) অ্যাপ চালু হয়েছে, সার্বিকভাবে সেখানেও মহিলাদের জন্য বিশেষ সুযোগ থাকছে। পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন কোম্পানিতে যে নিয়োগ প্রক্রিয়া চলবে, তার অন্তত ৩০ শতাংশ পদে মহিলা প্রার্থীদের নিয়োগ করা হবে। ইতিমধ্যেই বিভিন্ন বেসরকারি সংস্থার তরফে এই বিষয়ে আশ্বাস মিলেছে। জেলা পুলিশের এই উদ্যোগে জেলার মহিলাদের আত্মনির্ভর হওয়ার পথে এক নতুন দিগন্ত খুলে গেল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
Paschim Medinipur,West Bengal