Last Updated:
Koel Mallick: আচমকাই রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল। সাংসদ পদ ছাড়ার পরক্ষণেই নতুন গুঞ্জন ফেলে দিয়েছেন কোয়েল। এবার কোন ডালে?
নয়াদিল্লি: ফের বড়সড় ধাক্কার মুখে কালীঘাট শিবির। এবার মমতার হাত ছাড়লেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ রুক্মিণী মল্লিক ওরফে কোয়েল মল্লিক। রথের দিনেই আচমকা ইস্তফা দিলেন সাংসদ পদ থেকে। বুধবার বিকেল পর্যন্তও রাজ্যসভার সরকারি ওয়েবসাইটে শাসকদলের সাংসদ তালিকায় তাঁর নাম দেখা গেলেও বৃহস্পতিবার সকাল হতেই সম্পূর্ণ বদলে গেল গোটা দৃশ্যপট।
কোয়েল মল্লিকের ইস্তফার ফলে এবার রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা এবার ১৩ থেকে এসে ঠেকল ৯ তে। বস্তুত আগেই ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন সদ্য তৃণমূল রাজ্যসভার সাংসদ হওয়া কোয়েল মল্লিক। তবে তাঁকে জানানো হয় সশরীরে এসে ইস্তফাপত্র দিতে হবে উপরাষ্ট্রপতির হাতে। সেই মতো সূত্রের খবর রথযাত্রার পূর্ণ তিথিতে আজ, বৃহস্পতিবারই নিজের ইস্তফাপত্র উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের হাতে তুলে দেন অভিনেত্রী।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই একের পর এক তৃণমূল কংগ্রেসের সাংসদ-বিধায়কদের মধ্যে জোরালো হয়েছে বেসুরো সুর। তৃণমূলের সংসদীয় দলের ভাঙন নিয়ে জল্পনার মধ্যে গত মাসেই শোনা যাচ্ছিল যে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিতে পারেন কয়েকজন সাংসদ। সেই সময়ই এক এক করে ইস্তফা দেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক৷ সেইসময়ই ই-মেলে ইস্তফা দেন কোয়েল মল্লিক। যদিও তা গ্রাহ্য হয়নি। কারণ সংসদীয় নিয়ম অনুসারে সশরীরে এসেই ইস্তফা দিতে হয় সাংসদদের। সেই মতো উপরাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয় কোয়েলকে সশরীরে উপস্থিত হতে হবে পদত্যাগ পত্র দেওয়ার জন্য।
উল্লেখ্য, বাংলা সিনেমার অভিনেত্রী এবং বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল। বাবা, অভিনেতা রঞ্জিত মল্লিকের সঙ্গেও দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে গত এপ্রিল মাসেই রাজ্যসভার সাংসদ পদে শপথ নিয়েছিলেন কোয়েল মল্লিক। তৃণমূলের বিধানসভা ভোটে প্রচারেও ছিলেন অভিনেত্রী। রাজ্যসভার সাংসদ হিসাবে তাঁকে দিল্লি পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই কোয়েলও ছাড়ছেন মমতার ছত্রছায়া? জল্পনা তুঙ্গে রাজ্য জুড়ে।
Kolkata,West Bengal
