Last Updated:
Ayushman Bharat: অনেক সময় আধার কার্ডের নাম, ঠিকানা বা জন্মতারিখে ভুল থাকলে আবেদন বাতিল হতে পারে। পরিবারের সদস্যদের তথ্য রেশন কার্ড বা সরকারি নথির সঙ্গে না মিললেও আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ৭০ বছরের বেশি বয়সি প্রবীণদের জন্য এক্ষেত্রে কিছু বিশেষ ছাড় রয়েছে।
নয়াদিল্লি: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB-PMJAY)-এর আওতায় স্বাস্থ্যবিমার কভার ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১০ লক্ষ টাকা করার সুপারিশ করেছে সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক স্থায়ী কমিটি। তবে এটি এখনও শুধুমাত্র একটি সুপারিশ, কেন্দ্র সরকার এখনও এ বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত বা অনুমোদন দেয়নি।
কমিটির ১৭২তম রিপোর্টে বলা হয়েছে, চিকিৎসা ব্যয় গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে বর্তমানে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা অনেক ক্ষেত্রেই পর্যাপ্ত নয়। বিশেষ করে ক্যানসার, হার্ট বাইপাস সার্জারি, লিভার বা কিডনি প্রতিস্থাপন এবং দীর্ঘদিন আইসিইউ-তে ভর্তি থাকার মতো গুরুতর চিকিৎসার ক্ষেত্রে এই সীমা দ্রুত শেষ হয়ে যায়।
সংসদীয় কমিটির মতে, চিকিৎসা খাতে মূল্যবৃদ্ধির কারণে রোগী ও তাঁদের পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে বিমার কভার বাড়ানো সময়ের দাবি। বর্তমানে অনেক পরিবারকে বিমার সীমা শেষ হয়ে যাওয়ার পর চিকিৎসার অতিরিক্ত খরচ নিজের পকেট থেকে বহন করতে হয়।
যদি কেন্দ্র সরকার এই সুপারিশ গ্রহণ করে, তাহলে—
গুরুতর রোগের চিকিৎসায় আর্থিক সুরক্ষা বাড়বে। ব্যয়বহুল অস্ত্রোপচার করানো সহজ হবে। দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের চিকিৎসার চাপ কমবে। অর্থের অভাবে চিকিৎসা মাঝপথে বন্ধ হওয়ার ঝুঁকি কমবে। আয়ুষ্মান ভারত প্রকল্প কী?
আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা কেন্দ্র সরকারের অন্যতম বৃহত্তম স্বাস্থ্যবিমা প্রকল্প। এর আওতায় যোগ্য পরিবারগুলি প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পায়। সরকারি এবং তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে এই সুবিধা পাওয়া যায়।
এই প্রকল্পের সুবিধা মূলত আর্থিকভাবে দুর্বল ও নির্ধারিত যোগ্য পরিবারের জন্য। এছাড়াও, ৭০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য ‘আয়ুষ্মান বয় বন্দনা’ প্রকল্পের অধীনে স্বাস্থ্যবিমা কভারের ঘোষণাও করা হয়েছে।
বর্তমানে সারা দেশে আয়ুষ্মান ভারত প্রকল্পে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা কভারই কার্যকর। ১০ লক্ষ টাকায় বাড়ানোর প্রস্তাব এখনও সংসদীয় কমিটির সুপারিশ মাত্র। কেন্দ্র সরকার আনুষ্ঠানিক অনুমোদন না দেওয়া পর্যন্ত প্রকল্পের নিয়মে কোনও পরিবর্তন হবে না।
যদি আপনার পরিবার কেন্দ্রের নির্ধারিত সুবিধাভোগীর তালিকায় না থাকে, তাহলে আয়ুষ্মান ভারতের সুবিধা মিলবে না। একইভাবে, যাঁদের আর্থিক ও সামাজিক অবস্থা প্রকল্পের যোগ্যতার বাইরে, তাঁরাও এই প্রকল্পের আওতায় আসবেন না। তবে প্রবীণ নাগরিকদের জন্য আলাদা সুবিধার ব্যবস্থাও রয়েছে। ৭০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিরা নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করলে বিশেষ স্বাস্থ্য কভারেজের সুবিধা পেতে পারেন।সযদি নাম তালিকায় থাকে, তাহলে প্রয়োজনীয় নথি জমা দিয়ে সহজেই কার্ড তৈরি করা যাবে। আর নাম না থাকলে রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা নেওয়া যেতে পারে। যেহেতু এই প্রকল্পটি পরিবার-ভিত্তিক, তাই পরিবারের সকল যোগ্য সদস্যের নাম তালিকাভুক্ত করতে ব্যর্থ হলে এর আওতা কমে যেতে পারে বা পরবর্তীতে সমস্যা সৃষ্টি হতে পারে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
Jul 17, 2026 11:50 AM IST
