Last Updated:
ভোটদানের এই বিপুল উৎসাহ গণতন্ত্রের প্রতি সাধারণ মানুষের গভীর আস্থার প্রতিফলন বলে মনে করা হয়েছে।
কলকাতা: ভোটদানের হারে বিশ্বের গণতান্ত্রিক দেশ ও অঞ্চলের মধ্যে নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। জাতীয় নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, সাম্প্রতিক নির্বাচনে পশ্চিমবঙ্গে ভোটদানের হার ছিল ৯৩.৭ শতাংশ, যা বিশ্বের ১০০টি গণতান্ত্রিক দেশের সাম্প্রতিক নির্বাচনের তুলনায় সর্বোচ্চ।
নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, ভোটদানের শতাংশের নিরিখে পশ্চিমবঙ্গের পরেই রয়েছে সিঙ্গাপুর, যেখানে ভোট পড়েছে ৯২.৮৩ শতাংশ। তালিকায় এরপর রয়েছে পুদুচেরি (৯১.১৯%), অস্ট্রেলিয়া (৯০.৬৭%), উরুগুয়ে (৮৯.৫২%), মাল্টা (৮৭.৪৭%) এবং বেলজিয়াম (৮৭.৪২%)।
এই পরিসংখ্যান গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটারদের অংশগ্রহণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সক্রিয় ভূমিকারই প্রতিফলন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। উচ্চ ভোটদানের হার গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা ও অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবেও বিবেচিত হয়। তবে নির্বাচন কমিশনের এই তথ্য ভোটদানের শতাংশের তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরেছে। এটি নির্বাচনের গুণগত মান বা অন্যান্য নির্বাচনী বিষয়ের মূল্যায়ন নয়।
২০২৬ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ছিল হাইভোল্টেজ নির্বাচন। মোট ২৯৪ আসনে হয় প্রতিদ্বন্দ্বিতা। পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ছিল ১৪৮টি আসন। পশ্চিমবঙ্গ বিধানসভার অষ্টদশ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস, সিপিআইএম, সিপিআই, আইএসএফ-এর মতো দলগুলি। ২০২১ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত মোট আট দফায় অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে ২৯২টিতে ভোট গ্রহণ করা হয়। দু’টি আসনে প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছিল। পরে সেই দুটি কেন্দ্রেও ভোটগ্রহণ হয়।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোটদানের হারে এবার এক অভূতপূর্ব নজির তৈরি হয়। দ্বিতীয় দফার ভোট চলাকালীন বিকেল ৩টে বাজতেই রাজ্যবাসী বিগত কয়েক দশকের রেকর্ড ধুলিসাৎ করে দিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, দুপুর ৩টে পর্যন্ত দ্বিতীয় দফার ১৪২টি আসনে ভোট পড়ে ৭৮.৬৮ শতাংশ। ভোটের এই পরিসংখ্যান বাংলার রাজনৈতিক ইতিহাসে একটি বিশেষ মাইলফলক হিসেবে চিহ্নিত হচ্ছে। এর আগে ২০১১ সালের ঐতিহাসিক ‘পরিবর্তনের’ নির্বাচনে রাজ্যে সর্বোচ্চ ৮৪.৩৩ শতাংশ ভোট পড়েছিল। এবার নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই সেই সর্বোচ্চ হারকে অনায়াসেই ছাপিয়ে যায় পশ্চিমবঙ্গ। সরকার গঠন করে বিজেপি।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
