Last Updated:
Reliance Industries Q1 Results highlights: ২০২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকেও সংস্থার বৃদ্ধির ক্ষেত্রে সবথেকে বড় ভূমিকা পালন করেছে রিলায়েন্স জিও৷
২০২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকেই (এপ্রিল থেকে জুন) বলিষ্ঠ বৃদ্ধির ছাপ রাখল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড৷ তেল থেকে রাসায়ণিক, ডিজিটাল পরিষেবা এবং খুচরো ব্যবসার ক্ষেত্রে ব্যাপক বৃদ্ধির উপরে ভর করেই এই ইতিবাচক ফলাফল এসেছে৷ আন্তর্জাতিক বাজারের টালমাটাল পরিস্থিতির প্রভাবও সেভাবে সংস্থার উপরে পড়েনি৷
২০২৭ সালের প্রথম অর্থবর্ষেই সংস্থার ইতিহাসে সর্বোচ্চ রেকারিং অপারেটিং প্রফিট এবং ত্রৈমাসিকে রেকারিং নেট প্রফিট ঘরে তুলেছে রিলায়েন্স৷ যদিও গতবছর এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে এশিয়ান পেইন্টস-এ নিজেদের অংশীদারিত্ব বিক্রি করে এককালীন মোটা মুনাফা ঘরে তুলেছিল সংস্থা৷ ফলে পরিসংখ্যানের নিরিখে এবারের আয় মিলবে না৷
প্রথম ত্রৈমাসিকেই সংস্থার মোট মুনাফা গত বছরের তুলনায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩.৪০ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে৷ সেখানে রেকারিং মোট EBITDA ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে রেকর্ড ৫৪,০৬৭ কোটিতে পৌঁছেছে৷ কর প্রদানের আগে লাভের অঙ্ক ৮.৫ শতাংশ বেড়ে ৩০ হাজার ৬৩০ কোটিতে পৌঁছেছে ৷
এই ত্রৈমাসিকে রিলায়েন্স মোট ৩৮,৬৮২ কোটি টাকা বিনিয়োগ করেছে৷ অপারেটিং ক্যাশ ফ্লো থেকেই মূলধনী খরচের জোগান এসেছে ৷ সংস্থার মোট ঋণের পরিমাণও প্রায় অপরিবর্তিত রয়েছে (১.২৩ লক্ষ কোটি)৷
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি বলেন, ‘২০২৭ অর্থবর্ষের শুরুটা রিলায়েন্স দৃঢ়তার সঙ্গেই করেছে৷ সব ব্যবসা থেকেই ইতিবাচক ফলাফল পাওয়া গিয়েছে৷ বিভিন্ন ক্ষেত্রে আমাদের ব্যবসা ছড়িয়ে থাকার কারণেই ভূরাজনৈতিক উত্তেজনা এবং বাজারের টালমাটাল পরিস্থিতির প্রভাবও আমরা সামাল দিতে পেরেছি৷’
ডিজিটাল সার্ভিস-এর ক্ষেত্রে গত বছরের এই সময়কালের তুলনায় প্রায় ২০ শতাংশ রাজস্ব বৃদ্ধি হয়েছে সংস্থার৷ টেলিকম ব্যবসায় প্রথম ত্রৈমাসিকের শেষে গ্রাহক সংখ্যা ৫৩৩.৩ মিলিয়নে পৌঁছে গিয়েছে৷ এর মধ্যে ৫জি পরিষেবা ব্যবহার করছেন ২৮৫ মিলিয়ন ইউজার৷
Kolkata,West Bengal
Jul 17, 2026 10:25 PM IST
RIL Q1: বিশ্ব বাজারে টালমাটাল পরিস্থিতি সামলেই দৃঢ় ভাবে ২০২৭ অর্থবর্ষের শুরু, প্রথম ত্রৈমাসিকে ইতিবাচক ফল রিলায়েন্সের
