Last Updated:
Initiatives To Save Electricity Bill: বিদ্যুৎ বিল কমাতে বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর জন্য সরকার দিচ্ছে সর্বোচ্চ ৭৮ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি। যোগ্যতা, আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় নথি এবং কীভাবে এই প্রকল্পের সুবিধা পাবেন, জেনে নিন বিস্তারিত।
মালদহ, জিএম মোমিন: বিদ্যুৎ সাশ্রয়ে বিশেষ উদ্যোগ এবার মালদহে। গৃহস্থ বাড়িতে বিদ্যুৎ বিলের খরচ কমাতে অভিনব উদ্যোগ নিল বিদ্যুৎ দফতর। কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফ্ত বিজলী যোজনার মাধ্যমে প্রতিটি গ্রাহকদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে অন গ্রিড সৌর বিদ্যুৎ পরিষেবা। যেখানে সৌর বিদ্যুৎ এবং স্থানীয় বিদ্যুৎ অর্থাৎ ইউটিলিটি গ্রিড কে যৌথভাবে সংযোগ করে বিদ্যুৎ পরিষেবা প্রদান করা হবে। যার ফলে বিদ্যুৎ সাশ্রয় এবং গ্রিডে বিদ্যুৎ জমা করতে পারবেন গ্রাহকরা।
বিদ্যুৎ খরচ কমাতে কেন্দ্র সরকারের এই প্রকল্প কে জেলার প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। এদিন মালদহের পুরাতন মালদহ ব্লক অফিসে একটি কর্মশালার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফ্ত বিজলী যোজনার সুবিধা এবং ব্যবহার তুলে ধরা হয়। কীভাবে কোথায় আবেদন করলে সহজে এই প্রকল্পের সুবিধা পাবেন গ্রাহকরা তা বুঝিয়ে দেওয়া হয়।
এই বিষয়ে মালদহ বিদ্যুৎ বন্টন বিভাগীয় ম্যানেজার সৌমেন দাস জানান, “বিদ্যুৎ সাশ্রয় এবং নিজেদের তৈরি হওয়া সৌর বিদ্যুৎ জমা করে রাখার ক্ষেত্রে একটি বিকল্প বিদ্যুৎ পরিষেবা এটি। গ্রাহকদের সুবিধার্থে সরকারের উদ্যোগে ১ কিলোওয়াটের ক্ষেত্রে ৩০,০০০ টাকা, ২ কিলোওয়াটের ক্ষেত্রে ৬০,০০০ টাকা এবং ৩ কিলোওয়াট বা তার বেশি ক্ষমতার সিস্টেমের ক্ষেত্রে ৭৮,০০০ টাকা পর্যন্ত কেন্দ্রীয় ভর্তুকির ব্যবস্থা রয়েছে।”
কর্মশালায় উপস্থিত হয়ে স্থানীয় বিধায়ক গোপাল চন্দ্র সাহা বলেন, “কেন্দ্র সরকারের এই প্রকল্প অনেক আগে থেকেই রয়েছে। বর্তমানে রাজ্য জুড়ে ব্যাপকভাবে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে গ্রাহকদের কাছে। এর ফলে বিদ্যুৎ সাশ্রয় হবে বিনা খরচেও বিদ্যুৎ ব্যবহারের করতে পারবেন গ্রাহকরা।”
বিদ্যুৎ দফতর সূত্রে জানা গিয়েছে, অনলাইনের মাধ্যমে pmsuryaghar.gov.in ওয়েবসাইটে আবেদন করা যাবে। ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। প্রায় ৫০০টি ঘরে বসানোর প্রক্রিয়া চলছে। জেলায় প্রতিটি গ্রাহকদের বাড়িতে এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ আধিকারিকরা।
Kolkata,West Bengal